ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আন্তর্জাতিক অঙ্গনের সঙ্গে বাংলাদেশের নিবিড় যোগাযোগ স্থাপনের বিষয়ে গুরুত্বারোপ করেছেন ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন।
নিয়োগ পাওয়ার পর সোমবার পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকে তিনি এ কথা বলেন।
গত ৩ অক্টোবর রাষ্ট্রপতি জিল্লুর রহমানের কাছে পরিচয়পত্র পেশ করেন গিবসন। তিনি স্টিফেন ইভান্সের স্থলাভিষিক্ত হলেন।
গিবসন এর আগে ২০০২ থেকে ২০০৫ পর্যন্ত ঢাকায় ডেপুটি হাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন রবার্ট গিবসন।
"জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় আরো বাংলাদেশের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার বিষয়ে আমাদের কথা হয়েছে," বলেন এই হাইকমিশনার।
এ ছাড়া বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক নিয়ে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি।
ডিএফআইডি বাংলাদেশে সহায়তা দ্বিগুণ করেছে বলেও জানান নতুন রাষ্ট্রদূত। বিদেশি রাষ্ট্রের প্রতি যুক্তরাজ্যের অর্থ সহায়তা এ সংস্থার মাধ্যমেই আসে। আগামী চার বছরে সংস্থাটি বাংলাদেশকে ১০০ কোটি পাউন্ড দিচ্ছে।
দেওয়া অর্থ খরচে যেন স্বচ্ছতা থাকে, তা দেখভাল করতে একটি কমিটি গঠন করা হয়েছে বলে গিবসন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/এমআই/১৪১৭ ঘ.
bdnews24