চট্টগ্রাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির অভিযোগে সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলীসহ ১১ জনের বিরুদ্ধে ছয়টি পৃথক মামলা করেছে দুদক।
ছয়টি মামলার প্রতিটিতে সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এ কে এম ফখরুল ইসলামকে আসামি করা হয়েছে। এছাড়া নয় নৌ-যান মালিককে বিভিন্ন মামলায় এবং অধিদপ্তরের অফিস সহকারী আনিসুর রহমানকে একটিতে আসামি করা হয়।
নয় নৌ-যান মালিক হলেন- এনায়েত হোসেন, মো. মোস্তফা, কবির হোসেন, মুজিবুর রহমান, আলী ইমরান রানা, মো. সেন্টু মিয়া, হাজী আনোয়ার হোসেন, মো. ইউসুফ আলী ও মামুন সরদার।
রোববার দুপুরে দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর সহকারী পরিচালক আমিরুল ইসলাম বাদি হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় মামলাগুলো দায়ের করেন।
দুদক, চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এর উপ-পরিচালক মনজুর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে যথাযথ নিয়ম না মেনে নৌ-যানের রেজিস্ট্রেশন দেওয়া ও ভ্যাট ফাঁকির সুযোগ দেওয়ার অভিযোগে সমুদ্র পরিবহণ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে পৃথক ছয়টি মামলা দায়ের করা হয়েছে।"
তিনি জানান, দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় এবং ১৯৪৭ সালের দুদক আইনের ৫ (২) ধারায় এসব মামলা দায়ের করা হয়।
ছয়টি মামলায় অধিদপ্তরের প্রধান প্রকৌশলি ফখরুল ইসলামের বিরুদ্ধে তিন ধরণের অভিযোগ আনা হয়।
অভিযোগগুলো হলো- যথাযথভাবে সার্ভে না করে ভুয়া কাগজপত্রের ভিত্তিতে নৌ-যানের (৩টি অয়েল ট্যাংকার ও ৪টি ড্রেজার) সার্ভে সনদ দেওয়া, অনুমোদিত নকশা ও নকশা ফি ছাড়াই নৌ-যানের রেজিস্ট্রেশন দেওয়া এবং ক্ষমতার অপব্যবহার করে নৌযান মালিকদের সঙ্গে যোগসাজশের মাধ্যমে কাস্টম অ্যান্ড ভ্যাট এক্সাইজ ফি হ্রাসের ব্যবস্থা করে দেওয়া।
দুদক উপ-পরিচালক জানান, গত বছর এ বিষয়ে সমুদ্র পরিবহন অধিদপ্তরের একটি বিভাগীয় তদন্ত হয়। সে তদন্তে অভিযোগের প্রমাণ পাওয়ার পর দুদক তদন্ত শুরু করে।
অধিদপ্তরের জাহাজ পরিচালক ও আভ্যন্তরীণ জাহাজের রেজিস্ট্রেশন দেওয়ার দায়িত্বে থাকাকালে সমুদ্র পরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এসব অনিয়ম করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/পিডি/২১৪০ ঘ.
bdnews24