ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেছেন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন গ্রামীণ ব্যাংক নিয়ে উদ্বেগ প্রকাশ করেননি।
রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দীপু বলেন, "হিলারি ক্লিনটন উদ্বেগ প্রকাশ করেননি, বরং গ্রামীণ ব্যাংকের সম্ভাবনা নিয়ে তার প্রত্যাশা ব্যক্ত করেছেন।"
গত ১২ অক্টোবর ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন দীপু মনি।
পরে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে হিলারিকে উদ্ধৃত করে বলা হয়, বৈঠকে তিনি (হিলারি) গ্রামীণ ব্যাংক নিয়ে বাংলাদেশ সরকারকে তার সরকারের উদ্বেগের কথা জানিয়েছেন।
ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে টানাপোড়েন সৃষ্টির পর সেটিই ছিলো দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রথম আলোচনা।
এ বছররের শুরুতে নোবেলজয়ী ইউনূসকে তার বয়স চাকরিসীমা অতিক্রম করার কারণে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরকার অব্যাহতি দেয়। এ নিয়ে ওয়াশিংটন উষ্মা প্রকাশ করে।
ওয়াশিংটনের অবস্থান ব্যাখ্যা করতে তখন ঢাকা সফর করেন মার্কিন কূটনীতিক রবার্ট ব্লেইক। তিনি তখন বলেছিলেন, গ্রামীণ ব্যাংক জটিলতার অবসান না ঘটলে না ঢাকা-ওয়াশিংটন সম্পর্কে প্রভাব পড়বে।
তবে এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে সরকার তার অবস্থানে অটল থাকে।
বঙ্গবন্ধুর খুনিকে প্রত্যর্পণ
দীপু মনি বলেন, "[হিলারি ক্লিনটনের সঙ্গে] বৈঠকে বঙ্গবন্ধুর এক খুনিকে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি তার প্রত্যর্পণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সহায়তা চাওয়া হয়েছে।"
"জবাবে ওই খুনির প্রত্যর্পণে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন হিলারি ক্লিনটন", যোগ করেন তিনি।
দীপু মনি জানান, ওই বৈঠকে হিলারি ক্লিনটনকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানানো হয়।
"জবাবে তিনি আগামী বছর আসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। এ ছাড়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে মার্কিন প্রেসিডেন্টকেও আমন্ত্রণ জানানো হয়।"
অন্যান্য বিষয়ের মধ্যে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী দীপু।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএল/পিডি/১২০৪ ঘ.
bdnews24