২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভ: আশুলিয়ায় পোশাক কারখানা বন্ধ ঘোষণা

শ্রমিক অসন্তোষের কারণে ঢাকার আশুলিয়ায় একটি পোশাক তৈরির কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 01:30 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

সাভার, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রমিক অসন্তোষের কারণে ঢাকার আশুলিয়ায় একটি পোশাক তৈরির কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আশুলিয়ার বেরন এলাকার 'স্টারলিং স্টাইল লিমিটেড' কারখানার মূল ফটকে রোববার সকালে অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিস ঝুলিয়ে দেওয়া হয়। শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের পরিদর্শক মোখলেছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১২ অক্টোবর বেরন এলাকার স্টারলিং স্টাইল লিমিটেডের শ্রমিকরা বিভিন্ন অভিযোগে মহাব্যবস্থাপক (উৎপাদন) মোফাজ্জল হোসেন ও উৎপাদন ব্যবস্থাপক সাইফুল ইসলামের পদত্যাগের দাবিতে কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখায়। এক পর্যায়ে শ্রমিকরা কারখানায় ভাংচুরের চেষ্টা চালায়। "পুলিশ তাদের বাধা দিতে গেলে শ্রমিকদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে কয়েকজন আহত হয়। এরই ধারাবাহিকতায় কর্তৃপক্ষ কারখানাটি বন্ধ ঘোষণা করেছে।" একজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাজে সামান্য ভুল হলেই মোফাজ্জল হোসেন ও সাইফুল ইসলাম শ্রমিককে মারধর করেন। শ্রমিকরা শুধু এর প্রতিবাদ করেছে। "সকালে কারখানায় এসে আমরা দেখতে পাই, বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।" কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল মান্নান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানায় ভাংচুরের অভিযোগে আশুলিয়া থানায় একটি মামলা করা হয়। এতে শ্রমিকরা আরও 'উচ্ছৃঙ্খল হয়ে উঠলে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কবে নাগাদ কারখানা আবার খোলা হবে- সে বিষয়ে কিছু বলতে পারেরনি তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/১৯২৪ ঘ.