২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাবেক শুল্ক কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির মামলা

দুর্নীতির অভিযোগে চট্টগ্রামের এক সাবেক শুল্ক কর্মকর্তা ও তার দুই স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 01:06 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে চট্টগ্রামের এক সাবেক শুল্ক কর্মকর্তা ও তার দুই স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার দুপুরে দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২ এর উপ-পরিচালক সৈয়দ ইকবাল হোসেন বাদী হয়ে নগরীর ডবলমুরিং থানায় মামলা তিনটি দায়ের করেন। যে তিন জনের বিরুদ্ধে মামলা হয়েছে তারা হলেন- সাবেক কাস্টমস কর্মকর্তা শেখ আকরাম হোসেন, তার স্ত্রী জাহানারা বেগম ও নিলুফার ইয়াসমিন। শেখ আকরাম হোসেন কাস্টমস অ্যান্ড ভ্যাট এক্সাইজ কমিশন টেকনাফ কার্যালয়ে কাস্টমস সুপারিনটেন্ডেন্ট হিসেবে কর্মরত ছিলেন। বর্তমানে তিনি অবসর প্রস্তুতিকালীন ছুটিতে রয়েছেন। সৈয়দ ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৪ সালের দুদক আইনের ২৬ (২) ও ২৭ (১) ধারায় সম্পদ বিবরণীতে তথ্য গোপন করায় ও জ্ঞাত আয় বর্হিভূত সম্পদের বিষয়ে প্রমাণ পাওয়ায় মামলা দায়ের করা হয়েছে। চলতি বছরের শুরুর দিকে পাওয়া একটি অভিযোগের ভিত্তিতে ওই শুল্ক কর্মকর্তার সম্পদের বিষয়ে তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তের পর সম্পদ বিবরণী দাখিলের নোটিস দিলে তিনি দুদকে সম্পদ বিবরণী জমা দেন। "সম্পদ বিবরণীতে আকরাম হোসেন ৯২ লাখ ৭৩ হাজার ১৮৫ টাকার সম্পদের তথ্য গোপন করেন। পাশাপাশি তার এক কোটি ৯৪ লাখ ৪৩ হাজার ৪৩৭ টাকার সম্পদের কোন বৈধ আয়ের উৎস পাওয়া যায়নি", যোগ করেন দুদক কর্মকর্তা ইকবাল। একইভাবে আকরাম হোসেনের স্ত্রী জাহানারা বেগম ১১ লাখ ছয় হাজার টাকার তথ্য গোপন করেন। তার ৪৪ লাখ ২৯ হাজার ৪৯০ টাকার সম্পদ জ্ঞাত আয় বর্হিভূত। আকরাম হোসেনের আরেক স্ত্রী নিলুফার ইয়াসমিনের জ্ঞাত আয় বর্হিভূত সম্পদের পরিমাণ ৩০ লাখ ৬৩ হাজার ৫৪ টাকার এবং সম্পদ বিবরণীতে তিনি ২৬ লাখ ৪৩ হাজার ১৪২ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/১৯০২ ঘ.