রংপুর, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রংপুরে স্কুল ছাত্রীকে অপহরণের পর ধর্ষণের দায়ে এক যুবককে ৪৬ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মাহমুদুল কবীর এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত রুবেল মিয়া (২৫) সদর উপজেলার দুর্গাপুর গ্রামের আব্দুস সামাদের ছেলে।
মামলার নথি থেকে জানা গেছে, ২০০৮ সালের ৮ ডিসেম্বর সদর উপজেলার দুর্গাপুর গ্রামের স্থানীয় উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর এক ছাত্রীকে স্কুল যাওয়ার পথে রুবেল অস্ত্রের মুখে অপহরণ করে। এরপর প্রায় আড়াই মাস তাকে বিভিন্ন স্থানে আটকে রেখে ধর্ষণ করা হয়।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা নারী ও শিশু নির্যাতন আইনে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।
বিচারক মাহমুদুল কবীর আদালতে ১০ জন সাক্ষীর সাক্ষ্য ও জেরা শেষে ধষর্ণের অভিযোগে ৩২ বছর এবং অপহরণের দায়ে আরো ১৪ বছর মোট ৪৬ বছরের সাজার রায় দেন বিচারক।
সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন বিশেষ পিপি রফিক হাসনাইন অ্যাডভোকেট। আসামিপক্ষে ছিলেন আব্দুল বাতেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এএল/১৮৪০ ঘ.
bdnews24