২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাসায়নিক কারখানার গ্যাসে অসুস্থ ৪০

ঢাকার কেরাণীগঞ্জে একটি রাসায়নিক কারখানার ক্লোরিন গ্যাস নিঃসরণে ফায়ার ব্রিগেডের ১৩ কর্মীসহ অন্তত ৪০ জন অসুস্থ হয়ে পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2011, 06:19 AM

Updated : 24 Aug 2022, 04:34 PM

ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার কেরাণীগঞ্জে একটি রাসায়নিক কারখানার ক্লোরিন গ্যাস নিঃসরণে ফায়ার ব্রিগেডের ১৩ কর্মীসহ অন্তত ৪০ জন অসুস্থ হয়ে পড়েছেন। দক্ষিণ কেরাণীগঞ্জ থানার ওসি সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসনাবাদ এলাকায় গ্লোবাল হেভি কেমিকেল কোম্পানি লিমিটেড নামের ওই কারখানার ক্লোরিন ইউনিটের পাইপ সকাল ৯টার দিকে ছিদ্র হয়ে যায়। আশেপাশের এলাকায় গ্যাস ছড়িয়ে পড়লে অন্তত ৪০ জন অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান তিনি। ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণকক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খবর পেয়ে ফায়ার ব্রিগেড কর্মীরা ছিদ্র বন্ধ করার কাজ শুরু করেন। সকাল সাড়ে ৯টার দিকে তারা ছিদ্র বন্ধ করতে সক্ষম হন। অসুস্থ ৪০ জনের মধ্যে ফায়ার ব্রিগেডের ১৩ কর্মী রয়েছেন বলে জানান তিনি। ওসি সাখাওয়াত হোসেন বলেন, অসুস্থদের স্যার সলিমুল্লাহ মেডিকেল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এখনো কেউ অভিযোগ করেনি, তাই মামলা নেওয়া হয়নি। কেউ কর্তৃপক্ষের অবহেলার অভিযোগ দায়ের করলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। ফায়ার ব্রিগেডের মহাপরিচালক আবু নাঈম মোহাম্মদ শহিদুল্লাহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকেদের বলেন, "ওই কারখানার কর্মীরা জানে ওই গ্যাস নিঃসরণ হলে কী করতে হয়। কিন্তু গ্যাস নিঃসরণে আতঙ্কিত হয়ে ছোটাছুটি করায় এতো মানুষ আহত হয়েছে।" ফায়ারের ১৩ জন কর্মী কেন অসুস্থ হয়েছেন জানতে চাইলে তিনি বলেন, যারা পাইপের ছিদ্র ঠিক করেছে তারা কেউ অসুস্থ হয়নি। দূরে যারা মাস্ক পড়েনি তারাই অসুস্থ হয়েছে। প্রথমে ১২ ফায়ার কর্মী অসুস্থ হলেও পরে অসুস্থ অবস্থায় আরো এক জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ফায়ারকর্মীরা হলেন- দেলোয়ার হোসেন, কেএম শাহজাহান, রুমেল, আনোয়ার, আজিজুর রহমান, মাহতার হোসেন, জামাল, আবদুর রাজ্জাক, মোরারক, রবিন, আলামিন, আক্তার হোসেন, ও আবদুস সালাম। মিটফোর্ড হাসপাতালের ক্যাজুয়েলটি বিভাগের প্রধান অধ্যাপক মাহবুব হাসান মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ক্লোরিন গ্যাস সরাসরি নিঃশ্বাসের সঙ্গে ফুসফুসে চলে যায়। তাই স্বাসকষ্ট হয়। অসুস্থ কারোই মৃত্যুঝুঁকি নেই বলে জানান তিনি। অবশ্য এ ঘটনা নিয়ে কথা বলতে কারখানার মালিক সবুর খানের সঙ্গে যোগাযোগের চেষ্টা কা হলেও তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/এএল/১৮১০ ঘ.