ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুপুরের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাওয়ানোর পর মাথায় আঘাত করে হত্যা করা হয় ধানমণ্ডির আইটি ব্যবসায়ী সুমন কুমার দত্তকে- বলেছে পুলিশ।
পুলিম বলেছে, হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গ্রেপ্তার দ্বীন ইসলাম (২৪) ও নাসির হোসেন (২৫) পুলিশকে দেওয়া স্বীকারোক্তিতে শনিবার এ তথ্য জানিয়েছে।
শুক্রবার রাতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে মোহাম্মদ পুর থানা পুলিশ প্রথমে দ্বীন ইসলামকে ঢাকার রায়ের বাজার থেকে এবং নাসিরকে চাঁদপুর থেকে গ্রেপ্তার করে।
দ্বীন ইসলাম ও নাসির পুলিশকে জানায়, "কর্মচারী করিমের সঙ্গে খারাপ ব্যবহার করার কারণে সুমন কুমার দত্তকে হত্যা করা হয়।"
দ্বীন ইসলাম টেক আইটির কর্মচারী এবং এ হত্যা মামলার প্রধান আসামী মো. করিমের বন্ধু। নাসির তাদের সহযোগী।
রাজধানীর ধানমণ্ডি ২৭ নম্বরের শর্মা প্যালেসের পঞ্চম তলার 'টেক আইটির' মালিক সুমন কুমার দত্তের (৩৬) অর্ধ-গলিত লাশ ওই প্রতিষ্ঠান থেকে গত ৯ অক্টোবর উদ্ধার করে পুলিশ।
মোহাম্মদপুর থানার ওসি মাহমুদুল ইসলাম দ্বীন ইসলামের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টাকা চুরির অপবাদ দিয়ে সুমন প্রায় করিমের সঙ্গে খারাপ ব্যবহার করে। এই কথা দ্বীন ইসলামকে জানালে তারা সুমনকে হত্যার পরিকল্পনা করে।"
"ওই পরিকল্পনা অনুযায়ী ৫ অক্টোবর দুপুরের খাবারের সঙ্গে করিম সুমনকে ঘুমের ওষুধ খাওয়ায়। বিকেলে দ্বীন ইসলাম নাসিরকে নিয়ে শর্মা প্যালাসের পঞ্চম তলায় গিয়ে তারা সুমনকে হত্যা করেন।"
এদিকে র্যাব-৮ এ হত্যা মামলার প্রধান আসামী মো. করিমকে বরিশাল শহর থেকে শুক্রবার রাতে আটক করে।
করিমও র্যাবকে হত্যার কথা স্বীকার করে কীভাবে সুমনকে হত্যা করেছে তার বর্ণনা দিয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান র্যাব-৮ এর উপ-পরিচালক রাশেদুল হক খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/আরএম/পিডি/২৩৩৯ ঘ.
bdnews24