২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে নদী খনন পরিদর্শনে নৌমন্ত্রী

চট্টগ্রামের কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 02:18 PM

Updated : 24 Aug 2022, 04:33 PM

চট্টগ্রাম, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কর্ণফুলী নদীর ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজে কোনো সমস্যা নেই বলে জানিয়েছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান। তিনি শনিবার সকালে নগরীর ফিরিঙ্গীবাজার, সদরঘাট ও তৃতীয় কর্ণফুলী সেতু সংলগ্ন ক্যাাপিটাল ড্রেজিংয়ের আওতায় নদী খনন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। শাজাহান খান বলেন, ক্যাপিটাল ড্রেজিংয়ের অগ্রগতি সন্তোষজনক। এখনো পর্যন্ত কাজের ক্ষেত্রে বড় কোনো সমস্যা দেখছি না। নির্ধারিত সময়েই এ প্রকল্পের কাজ শেষ করার বিষয়েও আশাবাদ প্রকাশ করেন তিনি। এক প্রশ্নের জবাবে নৌমন্ত্রী বলেন, "এ প্রকল্পের কাজে চাঁদাবাজির অভিযোগ শুনেছি, থাকলে তা খতিয়ে দেখা হবে।" তিনি একইসঙ্গে বলেন, বন্দর কর্তৃপক্ষ এবং খনন কাজে নিয়োজিত মালয়েশিয়ান মেরিটাইম ড্রেজিং কর্পোরেশনের মধ্যে সমন্বয়ের কোনো সমস্যা হলে বসে সমস্যার সমাধান করা যাবে। তবে প্রকল্পের ব্যবস্থাপক আজহার বিন মারজুকি সাংবাদিকদের বলেন, নদী খননের কাজ শুরু হলেও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ডিজাইন চূড়ান্ত করতে পারেনি। এতে কাজে ধীরগতি এসেছে। এ পর্যন্ত এ প্রকল্পের ১০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানান তিনি। গত ৫ জুলাই মালয়েশিয়ান কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে বন্দরে ক্যাপিটাল ড্রেজিংয়ের কাজ শুরু করে। চুক্তি অনুযায়ী ৬০০ দিনের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এ বছরের ২৮ এপ্রিল চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ মালয়েশিয়ান প্রতিষ্ঠান 'মালয়েশিয়ান মেরিটাইম কোম্পানির সঙ্গে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের জন্য চুক্তি সই করে। 'ক্যাপিটাল ড্রেজিং এবং ব্যাংক প্রটেকশন' প্রকল্পের আওতায় বন্দরের দুই কিলোমিটার উজানে সদরঘাট জেটির ১০০ মিটার ভাটি হতে তৃতীয় কর্ণফুলী সেতুর ৫০০ মিটার উজান পর্যন্ত নাব্যতা ফিরিয়ে আনতে ৩৬ লাখ ঘনমিটার বালি/মাটি ড্রেজিংয়ের মাধ্যমে অপসারণ করা হবে। মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং করপোরেশন ২২৯ কোটি ৫৪ লাখ ৩৯ হাজার ৬৬ টাকা সর্বনিম্ন দর দিয়ে দরপত্রের মাধ্যমে কাজ করার জন্য নির্বাচিত হয়। বন্দরের নিজস্ব অর্থায়নে এ প্রকল্প পরিচালিত হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২০১০ ঘ.