ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আজিমপুরের এক বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের লাশ উদ্ধার হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- ফারাহ বিনতে রশিদ অর্পা, উৎপল কীর্তনিয়া, আফসানা ফেরদৌস, তৃণা বাড়ৈ ও মো. আব্দুল হাকিম তানজিল।
নিহত প্রণব দাশ বাবলুর বড় ভাই প্রবীর কুমার দাশ এদের নাম উল্লেখ করে বাদি হয়ে রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ থানায় মামলা করেন। পরে তাদের আজিমপুরের শেখ সাহেব বাজার এলাকার শেফালি গার্ডেন নামে বাড়ির তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত ওসি রেজাউল করিম শনিবার রাত পৌনে ১টার দিকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা এখন গোয়েন্দা পুলিশের হেফাজতে রয়েছেন।"
অর্পা দাবি করেন, গত মে মাসে বাবলুর সঙ্গে তার বিয়ে হয়।
গ্রেপ্তারদের সম্পর্কে প্রবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রণবের বন্ধু ছিলো তানজিল। অন্যদিকে অর্পার বান্ধবী আফসানা ও তৃণা। এদের মধ্যে তৃণার সঙ্গে উৎপল কীর্তনিয়ার বিয়ে হওয়ার কথা রয়েছে।"
শনিবার বিকাল সাড়ে ৩টার দিকে প্রণবের লাশ উদ্ধার করা হয় শেফালি গার্ডেনের ওই ফ্ল্যাট থেকে। তিনি ওই ফ্ল্যাটেই থাকতেন। তিনি আত্মহত্যা করেন নাকি তাকে হত্যা করা হয় তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের এ ছাত্র সরকার সমর্থক ছাত্র সংগঠন ছাত্রলীগ করতেন বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। তিনি এক সময় জগন্নাথ হলে থাকতেন।
লালবাগ থানার উপপরিদর্শক পরিতোষ ঘোষ সাংবাদিকদের বলেন, লাশটি ঘরের জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
ঝুলন্ত অবস্থায় থাকলেও তার দেহ মেঝেতে স্পর্শ করছিলো বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
বাবলুর বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার লাকসাম বাইপাস সড়কের কাছে। তার বাবার নাম সারদা কুমার দাশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/পিডি/০১১৬ ঘ.
bdnews24