বাগেরহাট, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে এক কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় দুই যুবককে সাজা দিয়েছে একটি ভ্রাম্যমাণ আদালত।
শনিবার নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাছান এই আদেশ দেন। সন্ধ্যায় তাদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডিতরা হলেন বাগেরহাট শহরের আমলাপাড়ার মো. এনামুল (১৭) এবং মুনিগঞ্জ এলাকার রাজিব শেখ (১৮)।
এনামুলকে ছয় মাস কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দুইমাস কারাদণ্ড এবং রাজিবকে সাত দিনের কারাদণ্ড দেওয়া হয়।
বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক এইচএম শহীদ জানান, দণ্ডিতরা শহরের একটি সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের এক ছাত্রীকে বেশ কিছুদিন ধরে উত্ত্যক্ত করছিল।
মেয়েটির পরিবারের অভিযোগ পেয়ে ভ্রাম্যমাণ আদালত শনিবার দুপুরে ওই কলেজ এলাকা থেকে তাদের আটক করে সাজা দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৬ ঘ.
bdnews24