২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পদ্মা সেতুর দুর্নীতির ধরন এখনো অস্পষ্ট'

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠলেও তার ধরনটি এখনো স্পষ্ট নয় দুর্নীতি দমন কমিশনের কাছে, যে সংস্থাটি এরই মধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2011, 11:04 AM

Updated : 24 Aug 2022, 04:33 PM

পাবনা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ উঠলেও তার ধরনটি এখনো স্পষ্ট নয় দুর্নীতি দমন কমিশনের কাছে, যে সংস্থাটি এরই মধ্যে এ নিয়ে কাজ শুরু করেছে। পদ্মা সেতুতে কী দুর্নীতি হয়েছে- জানতে চাওয়া হলে দুর্নীতি দমন কমিশনের কমিশনার শাহাবুদ্দিন চুপ্পুু শুক্রবার রাতে পাবনায় সাংবাদিকদের বলেন, "কী ধরনের দুর্নীতি হয়েছে বিশ্বব্যাংক তা স্পষ্ট না করায় এ নিয়ে এখন বলার মতো কিছু নেই।" "পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংক দুর্নীতির কথা বলছে। ফলে সাংবাদিকরা এ নিয়ে লিখে যাচ্ছে এবং অনেক কথা বার্তাও হচ্ছে। কিন্তু পদ্মা সেতু নিয়ে কী ধরনের দুর্নীতি হয়েছে বিশ্বব্যাংক তা স্পষ্ট করেনি," বলেন তিনি। পদ্মা সেতু প্রকল্প তদারকির জন্য প্রাক নির্বাচনী তালিকায় থাকা কানাডীয় প্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের 'দুর্নীতি'র তদন্তে বিশ্বব্যাংক কানাডা পুলিশকে অনুরোধ করলে পদ্মা সেতুতে 'দুর্নীতি'র বিষয়টি প্রকাশ্য হয়। দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক ইতোমধ্যে এ প্রকল্পে অর্থায়ন স্থগিত করেছে। তবে সরকারের পক্ষ থেকে দুর্নীতির অভিযোগটি প্রত্যাখ্যান করা হচ্ছে। বিশ্বব্যাংকের কথিত দুর্নীতির তদন্তে দুর্নীতি দমন কমিশনও স¤পৃক্ত হয়েছে। দুর্নীতি দমন কমিশন বুধবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে, এ বিষয়ে তথ্য-প্রমাণ চেয়ে বিশ্বব্যাংকের কাছে চিঠি পাঠিয়েছে তারা। তা পেলেই তাদের অনুসন্ধান শুরু হবে। দুর্নীতি দমন কমিশনের কমিশনার শুক্রবার পাবনা প্রেসক্লাবে স্থানীয় দৈনিক নতুন বিশ্ববার্তার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো চেষ্টা করছে না দাবি করে তিনি বলেন, "সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই। আপনার নির্ভয়ে সত্য লিখুন।" "বর্তমান সরকার সাংবাদিকদের স্বাধীনতায় বিশ্বাসী এবং সে জন্য সাংবাদিকরা মন খুলে লিখে যাচ্ছেন। অনেক সময় এই সব লেখা আমাদের বিপক্ষে গেলেও আমরা তা সুন্দরভাবে গ্রহণ করছি," বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১৭০১ ঘ.