২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাবার পানি সরবরাহ বন্ধ একমাস

পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় নওগাঁর পোরশা উপজেলার নিতপুরে একমাস ধরে খাবার পানি সরবরাহ বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 04:05 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

নওগাঁ, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাম্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকায় নওগাঁর পোরশা উপজেলার নিতপুরে একমাস ধরে খাবার পানি সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিল বকেয়া থাকার কারণে পাম্পের সংযোগ বিচ্ছিন্ন করা হয় বলে জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর জানিয়েছে। এলাকাবাসী জানিয়েছে, ২০০৫ সালে খাবার পানি সরবরাহের জন্য পোরশা সদরের নিতপুরে একটি পাম্প বসানো হয়। প্রাথমিকভাবে নিতপুরের তিনশ' পরিবারে পানির সংযোগ পায়। বর্তমান এর গ্রাহক সংখ্যা সাড়ে পাঁচশ'। জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের এই প্রকল্পের কার্যালয়ে প্রতি গ্রাহক মাসে পানির বিল বাবদ ৫০ টাকা করে দেওয়ার কথা। কিন্তু এরই মধ্যে অনাদায়ী বিলের পরিমাণ দাঁড়িয়েছে ছয়লাখ টাকারও বেশি। জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরের সদর উপজেলা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আব্দুর রহমান জানান, "বিলের কিছু টাকা আমাদের লাইনম্যান ও বিল ক্লার্ক নিজেদের কাছে রাখায় প্রায় আড়াই লাখ টাকা বকেয়া পড়েছে। "ফলে পল্লী বিদ্যুৎ অফিস গত ১২ সেপ্টেম্বর লাইন কেটে দিয়েছে। এরপর থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে। আমরা পানি সরবরাহ পুনরায় স্বাভাবিক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।" নিতপুর মুন্সিপাড়ার হাবিবুর রহমান ও মো. মামুন, বাংগাল পাড়ার জামিল, বদিউজ্জামান, ও আবুল হাসেম জানান, গত ১২ সেপ্টেম্বর থেকে পানি সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ বিল বাকি থাকায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ পাম্পের সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তারা আরো বলেন, তাদের অনেকেই নিয়মিত বিল পরিশোধ করলেও লাইনম্যান ও বিল ক্লার্ক অফিসে জমা না দেওয়ায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৫৩ ঘ.