২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুসিকে কে বোঝাবে- নয়ন আর চোখ খুলবে না

মাস দুয়েক আগে বিয়ে করে সংসার শুরু করেছিলেন বেসরকারি টেলিভিশন চ্যানেল '৭১ এর নির্বাহী প্রযোজক তানভীর জাহিদ নয়ন। বন্ধু দম্পতিকে বাঁচাতে গিয়ে শুক্রবার স্ত্রী টুসির সামনেই গাজীপুরে এক পুকুরে ডুবে মৃত্যু হয় তার। এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না টুসি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 03:55 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

গাজীপুরের বাংলাবাজারের গজারিয়াপাড়া এলাকায় শিরুনি কটেজের ওই পুকুরে ডুবে মৃত্যু হয়েছে আরেক নবদম্পতি আসমা আক্তার ইরা ও জামিল আক্তার লিপুরও।

পরিবারের সদস্যরা জানান, গত রমজান মাসে আওয়ামী লীগ নেতা নূহ-উল আলম লেনিনের মেয়ে সুবর্ণা সেঁজুতি টুসি এবং নয়নের বিয়ে হয়। ইরা-লিপু দম্পতির সঙ্গে বৃহস্পতিবার রাতে গাজীপুর বেড়াতে যান তারা।

শুক্রবার গুলশানের নিকেতনে নয়নদের বাসায় গিয়ে দেখা যায়, খাটিয়ার পাশে বসে অপলক নয়নের দিকে চেয়ে আছেন টুসি। লাশের পাশ থেকে ওঠানোই যাচ্ছিলো না তাকে। স্বামীর গালে হাত বুলিয়ে ফিসফিস করে বলছিলেন, "আমি বুঝতেছি না এইটা কি হচ্ছে? এই ছেলে তুই কথা বলবি না? আমার এ রকম লাগছে ক্যানো?"

নয়নের খালু আবুল খায়ের বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে রাতের খাবার খেয়ে গাজীপুরের উদ্দেশ্যে রওনা হয় দুই নবদম্পতি। ঘটনা ঘটে ভোর রাতে। পা পিছলে ইরা পানিতে পড়ে গেলে বাঁচাতে গিয়ে লিপুও তলিয়ে যায়। এ সময় নয়ন তাদের দু'জনকে বাঁচাতে পুকুরে ঝাঁপিয়ে পড়ে। নয়ন ভালো সাঁতার জানলেও ডুবে যায় তিন জনই।

পুকুর থেকে তুলে উত্তরার জাহানারা ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক জানান, তাদের মৃত্যু হয়েছে।

"টুসি কিছুতেই বিশ্বাস করতে পারছিলো না- নয়ন নেই। ওর জেদাজেদিতে নয়নকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। ওখানকার চিকিৎসকরাও একই কথা বলেন। মুশকিল হচ্ছে, টুশিকে এখনো বিষয়টা বিশ্বাসই করানো যাচ্ছে না", আবুল খায়ের বলেন।

'আমার ছেলে ভাত খাবে'

২০০৪ সালে নয়নের বোন সানজিদা জাহিদ মারা যান এক সড়ক দুর্ঘটনায়। এবার নয়নও চলে গেলো। ছেলেকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের জন্য ট্রাকে তোলার সময় মা দিলরুবা জাহিদ বিলাপ করে বলছিলেন, "আমার জানের টুকরারে তোমরা কোথায় নিয়ে যাচ্ছো? আমার ছেলে দুপুর বেলার ভাত খাবে।"

বাবা বখতিয়ার জাহিদ চোখ-মুখ শক্ত করে আবেগ সামলাচ্ছিলেন। আর অসুস্থ নানি হুইল চেয়ারে লাশের মাথার কাছে বসে ছিলেন নির্বাক।

'আরেকটা নয়ন কি তৈরি করা যাবে'

নয়নের দীর্ঘদিনের সহকর্মী ৭১ টেলিভিশনের বার্তা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, "সর্বপ্রথম একুশে টেলিভিশনে নয়নকে আমি সহকর্মী হিসাবে পাই। দারুণ মেধাবী, নিখুঁত কাজের মানুষ ছিলো সে। একাত্তর টেলিভিশনেও প্রথম থেকেই সে আমাদের সঙ্গে। আমরা হয়তো আরো অনেক প্রোডিউসার তৈরি করতে পারবো। কিন্তু আরেকজন নয়ন তৈরি করতে পারবো না।"

নয়নের আরেক সহকর্মী মনিরুজ্জামান তুহিন জানান, একুশে টেলিভিশন ছাড়াও সিএসবি ও এটিএন বাংলায় প্রযোজক এবং বিবিসি ট্রাস্টে অনুষ্ঠান সমন্বয়কারী হিসাবে কাজ করেছেন নয়ন। সর্বশেষ ৭১ টেলিভিশনে যোগ দেন নির্বাহী প্রযোজক হিসাবে।

এদিকে নয়নের মৃত্যু সংবাদ শুনে তার নিকেতনের বাসায় ছুটে যান অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা এইচটি ইমাম, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ। পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান তারা।

এ ছাড়া সংবাদ পাঠিকা সামিয়া জামান, নাটক নির্মাতা অমিতাভ রেজাসহ নয়নের সহকর্মী ও বন্ধুরা বাসায় উপস্থিত হলে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

জুমার নামাজের পর গুলশান নিকেতন সোসাইটি জামে মসজিদে প্রথম নামাজে জানাজা এবং বিকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে নয়নকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।