বরিশাল, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইলশ মাছ শিকার করায় বরিশালে পাঁচ জেলেকে এক মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতে সাজা দেন।
বৃহস্পতিবার রাতে আট কেজি ইলিশ মাছ ও দুই হাজার মিটার জালসহ তাদের আটক করা হয়।
দণ্ডিতরা হলেন বাবুল হাওলাদার (৩৫), হানিফ (১৮), হাসান (২০), সবুজ (২০) ও জাকির (২৮)। এর সবাই মেহেন্দীগঞ্জের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
মেহেন্দিগঞ্জ থানার ওসি জুলফিকার মোহাম্মদ গাজ্জালী বলেন, বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে এদের আটক করে পুলিশ।
শুক্রবার বিকালে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়।
বিকালেই তাদের বরিশাল কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩০ ঘ.
bdnews24