নরসিংদী, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম)- জেলা শহরের জাকির হোসেন বল্লা হত্যা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে শহরের কাউরিয়াপাড়া নূরানী মসজিদ এলাকার বাসা থেকে কোহিনুর বেগমকে (২৫) গ্রেপ্তার করা হয়।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বল্লা হত্যা মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হলো।
কোহিনুর ওই মহল্লার মাদক ব্যবসায়ী শেখ ফরিদের স্ত্রী বলে পুলিশ জানিয়েছে।
সদর মডেল থানার ওসি আনোয়ার হোসেন সাংবাদিকদের জানান, বাসায় অবস্থান করছে এমন সংবাদ পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যপারে থানায় অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরো জানান, গত বছরের ১৩ অক্টোবর কাউড়িয়াপাড়ায় কুপিয়ে ও গুলি করে জাকির হোসেন বল্লাকে খুন করে দুর্বৃত্তরা।
ওই ঘটনায় তার বোন হাসনেয়ারা বেগম বাদী হয়ে সদর মডেল থানায় মামলা (নম্বর ২৩) করেন। এ মামলায় কোহিনুরসহ ছয়জনকে গ্রেপ্তার করা হলো।
বিডিনিউজ টোয়েন্টিফার ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯২৭ ঘ.
bdnews24