২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ 'আইন না হলে হিসাব উল্টে যেতে পারে'

আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, এ আইন সংশোধন না হলে সরকারের কোনো অজুহাত বা কোনো ব্যাখ্যা কাজে আসবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 01:12 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের পরবর্তী অধিবেশনে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন সংশোধন করা না হলে নির্বাচনে 'রাজনৈতিক ভারসাম্যের হিসাব' উল্টে যেতে পারে বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। এই আইন পাসে 'প্রধানমন্ত্রীর দূরদর্শী রাজনৈতিক প্রজ্ঞা প্রসূত হস্তক্ষেপ' প্রত্যাশা করে শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক গোলটেবিল আলোচনায় সুরঞ্জিত বলেন, "এদেশের সংখ্যালঘুরা যদি সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে রাজনৈতিক ভারসাম্যের হিসাব উল্টে যাবে।" আর ২০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া সংসদের একাদশ অধিবেশনে এ আইন পাস না হলে দেশের হিন্দু স¤প্রদায়কে 'নিজেদের সিদ্ধান্ত নিজেরাই' নেওয়ার আহ্বান জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত। দেশে মোট ভোটারের মধ্যে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা তুলে ধরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, "তাদের সংখ্যা ১১ শতাংশের ওপরে। কাজেই (ভোট) তিনভাগ এদিক সেদিক হলেই হিসাব ঠিক থাকবে না।" সুরঞ্জিত বলেন, "এই বিষয়ে আমি আর কোনোদিন গণমাধ্যমে কথা বলবো না। সরকারের ৩৪ মাস চলে গেছে। এই সময়ে এসে এই আইন না হওয়ার কোনো অজুহাত, কোনো কার্যকরণ, কোন ব্যাখ্যা কাজে আসবে না।" ভূমি মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির পরীক্ষা নিরীক্ষার পর সংসদের গত অধিবেশনে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন (সংশোধন) বিল আকারে সংসদে তোলার কথা থাকলেও তা হয়নি। ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের পরিপ্রেক্ষিতে তৎকালীন সরকার ডিফেন্স অফ পাকিস্তান অর্ডিন্যান্স এবং ডিফেন্স অফ পাকিস্তান রুলস জারি করে। এতে ১৯৬৫ সালের ৬ সেপ্টেম্বর থেকে ১৯৬৯ সালের ১৬ ফেব্র"য়ারি পর্যন্ত এই ভূখণ্ডের যেসব নাগরিক ভারতে যান তাদের সম্পত্তি 'শত্র" সম্পত্তি' ঘোষণা করা হয়। এ আইন ওইসব সম্পদ বাজেয়াপ্ত করারও বৈধতা দেয়। আইনে ১৯৬৫ থেকে ৬৯ এর মাঝামাঝি সময়ের কথা বলা হলেও ১৯৪৭ সালে দেশত্যাগী অনেক হিন্দুর সম্পত্তির অধিকারও কেড়ে নেওয়া হয় এই আইনে। এমনকি বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও এই আইনের মাধ্যমে অনেক পরিবারের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়। স্বাধীনতার পর ১৯৭২ সালে বাংলাদেশ সরকার আইনটির নাম বদলে 'অর্পিত সম্পত্তি আইন' করে। ১৯৭৪ সালের ২৩ মার্চ এক আদেশে আইনটি বাতিল করা হয়। ২০০১ সালে ১১ এপ্রিল ক্ষমতা ছাড়ার কিছুদিন আগে আওয়ামী লীগ সরকার অর্পিত সম্পত্তি প্রত্যার্পণ আইন-২০০১ জারি করে। এতে অর্পিত সম্পত্তি সংক্রান্ত আগের সব আইন বাতিল করা হয়। মূল মালিকদের ফিরিয়ে দেওয়ার জন্য ১৮০ দিনের মধ্যে অর্পিত সম্পত্তির একটি তালিকা তৈরির কথাও বলা হয়। তবে নতুন আইন বাস্তবায়নের আগেই বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার ক্ষমতায় গিয়ে তা সংশোধন করে। যার মধ্যে ১৮০দিনের সময়সীমাকে বদলে অনির্দিষ্টকাল করা হয়। ফলে সেই তালিকা আজও চূড়ান্ত হয়নি। চলতি বছর নির্বাচনে মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন কংগ্রেস জোটের কাছে পরাজয়ের মধ্যে দিয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে বামফ্রন্টের ৩৪ বছরের শাসনাবসানের বিষয়টিতে ইংগিত করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, "পশ্চিম বাংলার সংখ্যালঘুরা সিদ্ধান্ত নিয়েছে। এখানকার সংখ্যালঘুরাও সিদ্ধান্ত নেবে। জীবন জীবিকার চেয়ে বড় কোনো নীতি আদর্শ নাই।" এদেশের সব গণতান্ত্রিক আন্দোলনে সংখ্যালঘু স¤প্রদায়ের ত্যাগ 'সবার চেয়ে বেশি' ছিল বলেও মন্তব্য করেন তিনি। এই আওয়ামী লীগ নেতা বলেন, "প্রধানমন্ত্রীর কানে কানে অনেকে বলেন, এই আইন নিয়ে (হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে) নাকি বিভেদ আছে। বিভেদ আমাদের মধ্যে নাই। বিভেদ থাকলে সরকারে আছে।" "যারা প্রধানমন্ত্রীর কাছে এসব কথা বলেন, তারা সরকারের হিতৈষী নয়", যোগ করেন তিনি। প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে সুরঞ্জিত বলেন, "আগামী অধিবেশনে এই আইন পাস হোক এটাই আমরা চাই। তবে পাস না হলে আপনারা (হিন্দু স¤প্রদায়) বুঝবেন, এই সরকারের থেকে আপনাদের কোনো আশা নাই। আর আপনারও (শেখ হাসিনা) এদের কাছে আশা করার কিছু নাই।" বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানীর সভাপতিত্বে 'অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ২০০১ এর সংশোধন, চূড়ান্তকরণ ও ক্ষতিগ্রস্ত মানুষের প্রত্যাশা' শীর্ষক এক গোলটেবিল আলোচনায় অন্যদের মধ্যে সা¤প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের আহবায়ক অজয় রায়, অর্পিত সম্পত্তি আইন প্রতিরোধ আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তোবারক হোসেইন বক্তব্য দেন। 'আলোচনাপত্র' অ্যাসোসিয়েন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভেলপমেন্টের (এএলআরডি) নির্বাহী পরিচালক শামসুল হুদা গোল টেবিল বৈঠকে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন সংশোধন বিষয়ে ৬টি দাবিসহ একটি আলোচনাপত্র উপস্থাপন করেন। এতে বলা হয়, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুসারে অর্পিত সম্পত্তির সংজ্ঞা নির্ধারণ করে ১৯৭৪ সালের পর 'অর্পিত' ঘোষিত সম্পদ অবমুক্ত করতে হবে। এর আগের সব অর্পিত সম্পত্তির তালিকা একবারে গেজেটে প্রকাশ করতে হবে। যে সব অর্পিত সম্পত্তি খাস খতিয়াভুক্ত করা হয়েছে, তা বাতিল করতে হবে। একইসঙ্গে অর্পিত সম্পত্তির দাবিদার হিসাবে অংশীদার বা নিকট আত্মীয়দের স্বার্থ রক্ষা; ১৮০ দিনের মধ্যে ট্রাইব্যুনালে কিংবা হাইকোর্টে এ সংক্রান্ত মামলা ও আপিল শুনানির নিস্পত্তি এবং বিদ্যমান আইনে সম্পত্তি মালিকের সংজ্ঞা সংশোধনেরও দাবি জানান হুদা। সা¤প্রদায়িকতা ও জঙ্গিবাদবিরোধী মঞ্চের আহবায়ক অজয় রায় বলেন, "আমাদের একদিকে কুমির অন্যদিকে বাঘ। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা চাই, আপনি আবার ক্ষমতায় আসুন। তবে আপনাকে যেন ভোট দিতে পারি সেই ব্যবস্থাটি করে যান।" সভাপতির বক্তব্যে বিচারপতি মোহাম্মদ গোলাম রাব্বানী বলেন, "এটি কোনো আলোচনা সভা নয়। এটি হাহাকারের জলসা। ভোট বিপ্লবের সরকারের আমলেও যে এরকম একটি অন্যায় আইন থাকতে পারে, তা ইতিহাসে আর কখনো দেখা যায় না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/জেকে/১৮৫৯ ঘ.