বরগুনা/বাগেরহাট, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার করায় বরগুনার আমতলী উপজেলার সাত জেলের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
একইসঙ্গে প্রত্যেককে দুশ' টাকা করে জরিমানা করা হয়েছে।
শুক্রবার দুপুরে আমতলী উপজেলার চন্দনতলা ও জোয়ালভাঙ্গা গ্রামে বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জাকির হোসেন বাচ্চু এ আদেশ দেন।
কারাদণ্ডপ্রাপ্তরা হচ্ছে- আমতলী উপজেলার চন্দনতলা গ্রামের আবুল হোসেন ফকির, নাননা মিয়া, আলম গাজী, জোয়ালভাঙ্গা গ্রামের শানু হাওলাদার, রিপন, রাসেল সিকদার ও বড়পাড়ার হোসেন আলী।
বরগুনা থানার উপ-পরিদর্শক বশির আলম জানান, বৃহস্পতিবার রাতে পায়রা নদীতে অভিযান চালিয়ে চালিতাতলী থেকে ওই সাত জেলেকে একটি নামবিহীন ট্রলার, ৫ কেজি ইলিশ মাছ ও জালসহ গ্রেপ্তার করা হয়।
পাথরঘাটা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট হারুন অর রশিদ জানান, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত নদীতে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার জাল আটক করেছে কোস্টগার্ড।
বাগেরহাটে পুলিশ শুক্রবার সকালে পৃথক অভিযান চালিয়ে দুটি পিকআপ ও একটি ট্রলারসহ ৫৩ মণ ইলিশ জব্দ করেছে। এ সময় পুলিশ পিকআপ দুটির চালক ও ব্যবসায়ীসহ মোট ১১ জনকে আটক করে।
পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের মোট ২৬ হাজার টাকা জরিমানা এবং ইলিশ মাছগুলো জব্দ করার আদেশ দেয়।
কচুয়া থানার ওসি আনম খায়রুল আনাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কচুয়া উপজেলা সদরের টেংরাখালী এলাকার রাস্তা থেকে আটক করা হয় দুটি পিকআপসহ ৫০ মণ ইলিশ। এছাড়া বাগেরহাট শহর সংলগ্ন রাধাবল্লভ খাল থেকে আটক করা হয় ট্রলার বোঝাই তিন মণ ইলিশ।
কচুয়া থেকে উদ্ধার করা ৫০ মণ মাছ পরে নিলামে বিক্রীর জন্য সংরক্ষণ করা হয়েছে। ট্রলার থেকে উদ্ধার করা তিন মন ইলিশ দরিদ্রদের মাঝে বিতরণ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/১৭৪৪ ঘ.
bdnews24