২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে বাড়িতে ঢুকে সেনাসদস্যকে খুন

ময়মনসিংহ শহরে এক সেনাসদস্যের বাসায় ঢুকে তাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 09:05 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ময়মনসিংহ, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ময়মনসিংহ শহরে এক সেনাসদস্যের বাসায় ঢুকে তাকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। শুক্রবার ভোররাতে শহরের আকুয়া বোর্ডঘর সংলগ্ন খালপাড় এলাকার এক বাসায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত ল্যান্স কর্পোরাল মাহবুবুল আলম (৩৫) কুমিল্লায় ময়নামতি সেনানিবাসে কর্মরত ছিলেন। তার বাড়ি নেত্রকোনা জেলার মদন উপজেলার কাইটাল গ্রামে। খালপাড় এলাকার ওই বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন। সেনা সদস্যের স্ত্রী শিল্পী আক্তারের বরাত দিয়ে কোতোয়ালি মডেল থানার ওসি গোলাম সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত আড়াইটার দিকে দরজা ধাক্কানোর শব্দ পেয়ে মাহবুব দরজা খোলেন। "সশস্ত্র যুবকরা বাসার ভেতরে ঢুকে পিস্তল ঠেকিয়ে মাহবুবকে শোয়ার ঘরে নিয়ে যায় এবং কুপিয়ে হত্যা করে," বলেন ওসি। শিল্পী পুলিশকে জানিয়েছেন, তাকে হাত-পা বেঁধে রাখা হয়। মাহবুবকে হত্যার পর সন্ত্রাসীরা চাবি নিয়ে কাঠের আলমারি খুলে টাকা পয়সা এবং স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পুরো সময়ে তাদের দুই সন্তান পাশের ঘরে ঘুমিয়ে ছিলো বলে শিল্পী জানান। পুলিশ কর্মকর্তা সারোয়ার জানান, রাত ৩টার দিকে এক অজ্ঞাত ব্যক্তির মোবাইল পেয়ে ঘটনাটি জানতে পেরে রাতেই টহল পুলিশ মাহবুবুবের লাশ থানায় নিয়ে আসে। মাহবুবের মাথায় ধারালো অস্ত্রের দুটি আঘাতের চিহ্ন রয়েছে বলে জানান তিনি। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে হত্যাকাণ্ডের সুস্পষ্ট কোনো কারণ জানা যায়নি বলে জানান পুলিশ কর্মকর্তা সারোয়ার। তবে তিনি বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৫০০ ঘ.