২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাস জমিতে ইট ভাটা, হুমকিতে মাঠের ফসল

কীর্তনখোলার তীরে খাস জমিতে বসেছে একটি ইট ভাটা। এতে ক্ষতি হচ্ছে ফসলের। সাঈদ মেমনের প্রতিবেদন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2011, 05:54 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

সাইদ মেমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি বরিশাল, অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাস জমির দখল রাখতে জীবন দিয়েছেন, কারাগারেও যেতে হয়েছে কীর্তনখোলা পাড়ের ভূমিহীন কৃষকদের। কিন্তু সেই খাস জমি এখন ইট ভাটা মালিকের কবলে। ইট ভাটার তাপে ফসলের ক্ষতির পাশাপাশি মাটি তোলায় বিলীন হচ্ছে চাষের জমি। সদর উপজেলার চরবাড়ীয়া ইউনিয়নে কীর্তনখোলার ভাঙনে নদীর এক পাড়ের কৃষিজমি বিলীন হয়ে যাচ্ছে। তবে শায়েস্তাবাদ ও চরবাড়ীয়ার মধ্যবর্তী আড়িয়াল খাঁ নদীর চরের ১০১ একর খাস জমিকে অবলম্বন করে বাঁচার উপায় খুঁজছে ভূমিহীন কৃষকরা। কৃষকরা অভিযোগ করছে, সরকারি এ জমি কৃষিকাজের জন্য বন্দোবস্ত নিয়ে এক ইট ভাটা মালিকের কাছে 'বিক্রি' করেছে কয়েক জন ব্যক্তি। এদের কেউই পেশায় কৃষক নয় বলেও জানান তারা। ইট ভাটার আগুনের তাপে ফসলের উৎপাদনও কমে যাচ্ছে বলে জানিয়েছে কৃষি স¤প্রসারণ কর্তৃপক্ষ। এ চরের উত্তর লামছড়ি মৌজায় ১০১ একর খাস জমির মধ্যে ৬ একর জমির বন্দোবস্ত নিয়ে এখন ১৫ একরের বেশি জমিতে 'ইনা ব্রিকস' নামের ইট ভাটা স্থাপন করেছেন মো. ইউনুস। এর বাইরেও চরের আরো ৪ একর জমির মাটি কেটে নেওয়ায় সে সব জমিও চাষের অযোগ্য করে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ইনা ব্রিকসের আশেপাশের জমির উপরিভাগের মাটি নেই। কাটা মাটি নিয়ে আসা হচ্ছে ট্রলারে করে। এ মাটির দুটি বিশাল স্তূপ টিলার মতো দাঁড়িয়ে আছে দু'জায়গায়। এছাড়া ভাটায় গাছ চেরাইয়ের জন্য স-মিল স্থাপন করা হয়েছে। তার একপাশে স্তূপ করা রয়েছে গাছ। এলাকার বয়োবৃদ্ধ কৃষক আব্দুস ছত্তার মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেখানে ধান, পাট, ধইঞ্চা ও কলাই ডাল চাষ হতো, সেই জমি এখন পুকুর হয়ে গেছে। এ ইট ভাটার কারণে চরের জমিতে কিছুদিন পরেই আর ধান চাষ করা যাবে না।" বরিশাল কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক দেবাংশু কুমারও একই কথা জানান। তিনি বলেন, ইট ভাটার আগুনের তাপে কোনো ফসল ভালো হয় না। কৃষকরা জানান, এ চরের খাস জমির দখল বজায় রাখতে এই পর্যন্ত বিভিন্ন সময়ে সাত জন প্রাণ দিয়েছেন। কারাগারে রয়েছেন চরবাড়ীয়া গ্রামের আরো ২২ জন কৃষকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ। তারা আরো জানান, চরের ১০১ একরের মধ্যে বিভিন্ন সময়ে, বিভিন্ন মেয়াদে ৫৭ একর জমি বন্দোবস্ত দিয়েছে সরকার। তবে তাদের কেউই কৃষক নন। প্রকৃত কৃষকরা এ জমির বন্দোবস্ত পায় না বলে অভিযোগও করেন তারা। খাস জমির মূল দাবিদার কৃষকদের মধ্যে ৫৪ একর জমির বন্দোবস্ত দেওয়ার বিষয়ে উপজেলা প্রশাসন একাধিকবার উদ্যোগ নিলেও ভূমিদস্যুরা বরিশাল আদালতে পৃথক দুটি মামলা করে এ উদ্যোগ বন্ধ করে দিয়েছে। কৃষকরা জানান, এসব মামলা করার পরপরই খাস জমির উপরিভাগের মাটি ইটভাটার কাছে বিক্রি করতে শুরু করেছে বাদিরা। বরিশাল সদর ভূমি অফিসের জ্যেষ্ঠ জরিপ কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খাস জমি কৃষকদের ছাড়া আর কাউকে বরাদ্দ দেওয়া হয় না। বরাদ্দ নেওয়া খাস জমিতে ইট ভাটা করতে হলে প্রশাসনের অনুমতির প্রয়োজন রয়েছে। ইট ভাটার মালিক মো. ইউনুস খাস জমি থেকে মাটি কাটার বিষয় অস্বীকার বলেন, "যাদের কাছে ৯৯ বছরের জন্য বরাদ্দ দেওয়া রয়েছে, তাদের কাছ থেকে জমি কেনা হয়েছে। ইট ভাটা করতে প্রশাসনের কাছ থেকে লাইসেন্সও নেওয়া হয়েছে।" বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাজা মিয়া বলেন, "কৃষি খাস জমিতে ইট ভাটা করার নিয়ম নেই। কীভাবে তারা অনুমতি নিয়েছে, তা কাগজপত্র দেখে বলতে পারবো।" "অনৈতিকভাবে যদি অনুমতি নিয়ে থাকে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে," বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১৩০ ঘ.