আসাদুজ্জামান আসাদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
বেনাপোল (যশোর), অক্টোবর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৈ মাছ বলে চালিয়ে রপ্তানির সময় ৫ টন ইলিশ ধরা পড়েছে বেনাপোল স্থলবন্দরে।
মিথ্যা ঘোষণায় রপ্তানির সময় বৃহস্পতিবার সন্ধ্যায় এ মাছ আটক করেন বেনাপোল বন্দর মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রন কেন্দ্রের কর্মকর্তারা।
রাত ১০টার দিকে ইলিশ মাছগুলো নিলামে দেওয়া হয়।
বেনাপোল স্থলবন্দর মৎস্য পরিদর্শন মান নিয়ন্ত্রন কেন্দ্রের পরিদর্শক আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, পটুয়াখালীর নিরালা সি ফুড নামের একটি রপ্তানিকারক প্রতিষ্ঠান একটি ট্রাকে করে ৫ টন কৈ মাছ ভারতে রপ্তানির ছাড়পত্র নিতে আসে।
মান পরীক্ষা করতে গিয়ে আমরা দেখতে পাই সেখানে সামান্য কৈ মাছের সঙ্গে বিপুল পরিমাণ ইলিশ সাজিয়ে রাখা হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি মাছ আটকের নির্দেশ দেন।
রাত ১০টার দিকে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আরিফের উপস্থিতিতে নিলাম হয়। এতে ৫ টন মাছ ২ লাখ ১০ হাজার টাকায় বিক্রি হয় বলে বন্দরের ব্যবসায়ীরা জানিয়েছেন।
প্রজনন মৌসুমে ইলিশ রক্ষায় বর্তমানে দেশে ইলিশ ধরা, বিক্রি বন্ধ রয়েছে। ৬ অক্টোবর থেকে শুরু হয়ে এ নিষেধাজ্ঞা চলবে ১৬ অক্টোবর পর্যন্ত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৩১ ঘ.
bdnews24