২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পারসোনা: তদন্তে আরো সময় পেল পুলিশ

বিউটি পার্লার 'পারসোনার' স্পা কক্ষে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা নিয়ে উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে আরো পাঁচ দিন সময় পেয়েছে তদন্ত কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 04:01 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিউটি পার্লার 'পারসোনার' স্পা কক্ষে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা নিয়ে উদ্ভূত পরিস্থিতি খতিয়ে দেখতে আরো পাঁচ দিন সময় পেয়েছে তদন্ত কমিটি। গুলশান বিভাগের উপ-কমিশনার খন্দকার লুৎফুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কমিটির আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দ্বিতীয়বারের মতো আরো পাঁচদিন সময় বাড়ানো হয়েছে। তিন সদস্যের এ কমিটির প্রধানসহ দুইজন জরুরি কাজে ব্যস্ত থাকায় সময় বাড়ানো হয়েছে বলে জানান তিনি। গত ৩০ সেপ্টেম্বর রাতে বনানীর ১১ নম্বর সড়কের পারসোনা বিউটি পার্লারে 'স্পা' করাতে যান একজন নারী চিকিৎসক। সেখানে একটি কক্ষে তিনি পোশাক পরিবর্তনের পর সিসি ক্যামেরা দেখতে পান। খবর পেয়ে তার ব্যবসায়ী স্বামী ঘটনাস্থলে পৌঁছালে সেখানে ব্যাপক হট্টগোলের সৃষ্টি হয়। পরে গুলশান থানার উপ-পরিদর্শক মেহেদী মাসুদের উপস্থিতিতে নারী চিকিৎসকের স্বামী পারসোনার কম্পিউটার হার্ডডিস্ক থেকে ভিডিও ফুটেজ নষ্ট করে দেন। পরে আলামত ঠিক রাখতে না পারার ব্যর্থতার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এই ঘটনার পর গত ৩ অক্টোবর পুলিশের তিন সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিতে অপর দুই সদস্য হচ্ছেন সহকারী কমিশনার মিজানুর রহমান ও সহকারী কমিশনার নুরুল আলম। কমিটিকে ৩ কার্যদিসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিলো। পরবর্তীতে কমিটি প্রথমদফা আরো পাঁচদিন সময় বাড়িয়ে নেয়। এরই মধ্যে তদন্ত কমিটি পারসোনার কর্ণধার কানিজ আলমাস, একাধিক পরিচালক এবং কর্মচারীর সঙ্গে কথা বলেন এবং জবানবন্দি রেকর্ড করেন। একই সঙ্গে তারা পারসোনার স্পা কক্ষসহ প্রতিটি কক্ষ ঘুরে দেখেন। হাইকোর্টের আদেশের পর গত ১০ অক্টোবর পারসোনা কর্তৃপক্ষ তাদের সব শাখার সেবা কক্ষ থেকে ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরা সরিয়ে নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এএল/২১৫৬ ঘ.