ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনে এক সচিব ও তিন অতিরিক্ত সচিব পদে রদবদল হয়েছে। এর মধ্যে সেতু কর্তৃপক্ষের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান পদে প্রেষণে নিয়োগ পেয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক আদেশে বৃহস্পতিবার এসব রদবদল করা হয়।
অতিরিক্ত সচিবদের মধ্যে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক পদে প্রেষণে থাকা অতিরিক্ত সচিব মাহফুজুর রহমানকে জাতীয় সংসদ সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে যোগাযোগ মন্ত্রণালয়ের সেতু বিভাগের ভারপ্রাপ্ত সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু বকর সিদ্দিককে বিসিএস প্রশাসন একাডেমীর মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
একইদিন প্রশাসনের আরো কয়েকটি পদে রদবদল হয়েছে।
এদের মধ্যে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) মহাব্যবস্থাপক (জিএম) পদে প্রেষণে কর্মরত উপসচিব সফিকুল ইসলামকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত শেরপুরের প্রাক্তন অতিরিক্ত জেলা প্রশাসন নিরঞ্জণ দেবনাথকে নবগঠিত নারায়ণগঞ্জ জেলা পরিষদের সচিব পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
এ ছাড়া ২০০৮ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দেওয়া আটজন কর্মকর্তার চাকরি স্থায়ী করা হয়েছে।
তারা হলেন- ঠাকুরগাঁও জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মুহাম্মদ শফিকুল ইসলাম, চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জান্নাতুল ফেরদৌস, নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মুহাম্মদ ওবায়দুর রহমান, বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আব্দুল মালেক, মোহাম্মদ সাইদুর রহমান ও নাছরিন আক্তার, চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার তানবীর মোহাম্মদ আজিম, কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ইকবাল আখতার ও নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/২০৫১ ঘ.
bdnews24