২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শৌচাগারে ছেলে আটকে রাখায় অনুতপ্ত বাবা-মা

সন্তানকে শৌচাগারে তিন বছর আটকে রাখার জন্য এখন অনুতাপ করছেন চাঁদপুরের ফিরোজ আলমের বাবা-মা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 12:47 PM

Updated : 24 Aug 2022, 04:32 PM

চাঁদপুর, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্তানকে শৌচাগারে তিন বছর আটকে রাখার জন্য এখন অনুতাপ করছেন চাঁদপুরের ফিরোজ আলমের বাবা-মা। চাঁদপুরের ফরিদগঞ্জ থানা হাজতের সামনে দাঁড়িয়ে বুধবার অকপটে সাংবাদিকদের কাছে অপরাধ স্বীকার করেন শামছুল আলম ও মা হালিমা বেগম। তারা বলেছেন, এমন কাজ করা ঠিক হয়নি। এজন্য তারা অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী। 'মানসিক রোগী' আখ্যা দিয়ে ৩০ বছরের ফিরোজকে ২০০৮ সালের জুন থেকে প্রায় সাড়ে তিন বছর আটকে রাখা হয়েছিলো শৌচাগারে। বুধবার চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ গ্রামের একটি বাড়ির পাকা টয়লেটে শিকল দেওয়া অবস্থা থেকে ফিরোজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় পুলিশ ফিরোজের বাবা শামসুল আলম (৬০), মা হালিমা বেগম (৫০), ভাই শাহ আলম (৩৫) ও নাসিরউদ্দিনকে (২০) আটক করেছে। বন্দিদশা থেকে মুক্তি পেয়ে অবশ্য ফিরোজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি কখনোই মানসিক রোগী ছিলেন না। ১৯৯৮ সালে এসএসসি ও ২০০০ সালে এইচএসসি পাস করেছেন। এরপর বিদেশও গিয়েছিলেন। ফিরোজের দাবি, তিনি বিদেশ থাকার সময় পরিবারের সদস্যদের নির্যাতনে তার স্ত্রী ঘর ছেড়ে যায়। তা নিয়ে মনোমালিন্যের জের ধরে পরিবারের সদস্যরা তাকে আটকে রেখেছিলো। ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. জাবেদুল ইসলাম জানান, বৃহস্পতিবার ফিরোজের দু'ভাই শাহ আলম ও নাসিরকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে ফিরোজকে বৃহস্পতিবার সকালে চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আমিনুল ইসলাম সুমন জানান, অপুষ্টি ও দীর্ঘদিন বসে থাকার কারণে ফিরোজের শরীরের হাড় ও মজ্জা শুকিয়ে গেছে। দীর্ঘদিন ফিরোজ বসে থাকার কারণে এখন তিনি হাঁটতে পারছেন না। তার উন্নত চিকিৎসা প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এমআই/১৮৪১ ঘ.