মৌলভীবাজার, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অর্ধশতাধিক বিষধর সাপসহ চার জনকে গ্রেপ্তার করেছে মৌলভীবাজার পুলিশ, যাদের এক জন বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যের নাগরিক।
বুধবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সমশেরনগর রোডের রেজিয়া হোটেল তাদের গ্রেপ্তার করা হয়।
তাদের কাছে চারটি বাক্সে বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক বিষধর সাপ পাওয়া গেছে বলে বনবিভাগ জানায়।
চার জনের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলার পর রাতেই তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার যুক্তরাজ্যের নাগরিক বাবর রহমান (৪০) মৌলভীবাজার সদরের মৃত আব্দুর রহমানের ছেলে। অন্য তিন জন সাপুড়ে। তারা হলেন- কুমিল্লার বুড়িচং উপজেলার শাহীন মিয়া (৩০), সুনামগঞ্জ সদর উপজেলার মতিন মিয়া ও সুনামগঞ্জের ছাতক উপজেলার শরিফুল ইসলাম সুমন (১৮)।
মৌলভীবাজারের সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসেন সাংবাদিকদরে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগের বিট কর্মকর্তা চন্দন মজুমদার পুলিশের একটি দল নিয়ে বাবরের মালিকানাধীন হোটেলে অভিযান চালান।
তিনি বলেন, "গ্রেপ্তারকৃতরা সাপ পাচারের সঙ্গে জড়িত। পাচারের উদ্দেশ্যে সাপুড়েদের দিয়ে সাপগুলো আনা হয়েছিলো।"
অভিযানের সময় বাবর পুলিশ ও বন কর্মকর্তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে বলে পুলিশ জানিয়েছে।
মৌলভীবাজার বন বিভাগের বর্ষিজুরা বিট কর্মকর্তা চন্দন মজুমদার সাংবাদিকদের বলেন, হোটেলে থাকা চারটি বাক্সে দাড়াশ, পানাকসহ বিভিন্ন প্রজাতির অর্ধশতাধিক বিষধর সাপ ছিলো।
উদ্ধার সাপগুলো বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। বন কর্মকর্তা চন্দন বাদি হয়ে চার জনকে আসামি করে মৌলভীবাজার সদর মডেল থানায় মামলা করেছেন।
তবে সাপসহ গ্রেপ্তার বাবর দাবি করেছেন, তাকে হয়রানি করতে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কোনো ধরনের পাচারে জড়িত নন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১২০০ ঘ.
bdnews24