ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সপ্তাহের শেষ দিনে চাঙাভাবের মধ্যে লেনদেন শেষ হয়েছে ঢাকার পুঁজিবাজারে। সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণও।
বুধবার দরপতনে বিক্ষোভের মধ্যে বাজার স্থিতিশীল করার নানা ধরনের উদ্যোগের পর বৃহস্পতিবার প্রথম এক ঘণ্টায়ই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাধারণ সূচকে যোগ হয় ২৮৩ পয়েন্ট।
তবে এর পর সূচক কিছুটা কমলেও লেনদেনে গতি দেখা গেছে।
লেনদেন শেষে ডিএসইতে সাধারণ সূচক ছিলো ৫ হাজার ৫৬৮ দশমিক ৩৫ পয়েন্ট, যা গতদিনের চেয়ে ২০৮ দশমিক ৭৪ পয়েন্ট বেশি।
ওই সময় পর্যন্ত ৩৬৪ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা গত কয়েকদিনের চেয়ে বেশি। গত দিন মোট লেনদেনের পরিমাণ ছিলো ৩১৩ কোটি টাকা।
লেনদেন হওয়া ২৪৫টি কোম্পানির শেয়ারের দামই বেড়েছে, কমেছে ১১টির।
বাজারে এ চাঙাভাব বিনিয়োগকারীদের আস্থার ফেরার লক্ষণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান অর্থনৈতিক প্রতিবেদক আবদুর রহিম হারমাছি তাৎক্ষণিক বিশ্লেষনে বলেন, মূলত সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কারণে বাজারের ওপর বিনিয়োগকারীদের আস্থা ফেরার লক্ষণ দেখা যাচ্ছে।
"গত কয়েকদিনে বিভিন্ন শেয়ারের দাম কমে গিয়েছিলো। নতুন করে কিছু পদক্ষেপ নেওয়ায় অনেকে শেয়ার কিনতে চাচ্ছেন। বায়িং প্রেসারের কারণে সূচক বেড়েছে।"
এদিকে পুঁজিবাজার স্থিতিশীল করার দাবিতে গত কয়েকদিনের মতো বৃহস্পতিবার সকালেও ব্যক্তি শ্রেণীর বিনিয়োগকারীরা মতিঝিলে ডিএসই ভবনের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে।
আগের কয়েকদিনের দরপতনে বিনিয়োগকারীদের বিক্ষোভের পর বুধবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন- এসইসি বাজার স্থিতিশীল করতে দিনভর বিভিন্ন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে।
জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে বৈঠকের পর এসইসি চেয়ারম্যান এম খায়রুল হোসেন ঘোষণা দেন, পুঁজিবাজারে বিনিয়োগের ক্ষেত্রে পুনরায় আয়কর রেয়াত পাওয়া যাবে। এছাড়া মিউচুয়াল ফান্ডের ওপর আরোপিত কর ও ব্রোকারেজ কমিশনে উৎসে আয়কর কমানো হচ্ছে।
পুঁজিবাজারে কালোটাকা বিনিয়োগের ক্ষেত্রে কোনো প্রশ্ন তোলা হবে না বলেও তিনি জানান। এরপর বাংলাদেশ ব্যাংকের সঙ্গেও বৈঠক করে এসইসি।
দিনভর এ তৎপরতার পর বুধবার ডিএসইতে সূচক ৬৬ পয়েন্ট বেড়েছিলো।
এসইসির এসব ঘোষণা দ্রুত বাস্তবায়িত না হলে আগামী রোববার থেকে আমরণ অনশনে বসার ঘোষণা রয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের। তারা দাবি করেছে, এসইসি ও এনবিআর-এর বৈঠকে সে সব সিদ্ধান্ত হয়েছে সেগুলোর ব্যাপারে এনবিআরকে দ্রুত সার্কুলার জারি করতে হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসআইটি/এফকে/এসইউ/১৫৩৭ ঘ.
bdnews24