২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসকে আইন মনে করিয়ে দেওয়া হয়েছিলো: হাসিনা

গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসকে চাকরিচ্যুত করার অভিযোগ প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি সরকারি কর্মকর্তা ছিলেন এবং তাকে শুধু গ্রামীণ ব্যাংক আইনের কথাই মনে করিয়ে দেওয়া হয়েছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2011, 03:51 AM

Updated : 24 Aug 2022, 04:32 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসকে চাকরিচ্যুত করার অভিযোগ প্রত্যাখ্যান করে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি সরকারি কর্মকর্তা ছিলেন এবং তাকে শুধু গ্রামীণ ব্যাংক আইনের কথাই মনে করিয়ে দেওয়া হয়েছিলো। যুক্তরাষ্ট্র সফরের সময় ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এ সাক্ষাৎকার ১১ অক্টোবর ছাপা হয়েছে। হাসিনা বলেন, "গ্রামীণ ব্যাংক একটি সরকারি ব্যাংক; এটা বেসরকারি ব্যাংক নয়। এর নিজস্ব আইন আছে। গ্রামীণ ব্যাংক আইন অনুযায়ী একজন ব্যক্তি সর্বোচ্চ ৬০ বছর বয়স পর্যন্ত এর ব্যবস্থাপনা পরিচালক পদে থাকতে পারেন। আমরা শুধু তাকে মনে করিয়ে দিয়েছিলাম যে এটাই আইন এবং তাকে তা অনুসরণ করতে হবে।" প্রধানমন্ত্রী ইউনূসকে বরখাস্ত করেছিলেন- ওয়াশিংটন পোস্টের এ প্রশ্নের জবাবে ওই কথা বলেন হাসিনা। এরপর তিনি পাল্টা প্রশ্ন তোলেন, "আমি তার বয়স কমাবো কীভাবে?" এসময় পত্রিকাটির প্রতিবেদক বলেন, ক্ষুদ্রঋণ দারিদ্র্য দূর না করে একে বাঁচিয়ে রাখছে বলতে আপনি কী বোঝাতে চাচ্ছেন? হাসিনা তাকে প্রশ্ন করেন, "একটা কথা বলুন, আপনাকে ২০ হাজার ডলার দেওয়া হলে আপনি সপ্তাহে ৪০ শতাংশ সুদ দিতে পারবেন?" জবাবে প্রতিবেদক বলেন, "সম্ভবত পারবো না।" তখন প্রধানমন্ত্রী বলেন, "সম্ভবত পারবেন না, তাই না? নিউ ইয়র্কে বসে আপনি যদি না পারেন, তাহলে গ্রামের একজন দরিদ্র নারী কীভাবে অর্থ আয় করে এরকম উচ্চ হারে সুদ দেবে? এরপর আপনি কীভাবে দাবি করেন যে আপনি দারিদ্র্য দূর করছেন?" সরকার এখন দরিদ্রদের ঋণ দিচ্ছে জানিয়ে হাসিনা বলেন, "কোনো কোনো ক্ষেত্রে এটি সুদমুক্ত, কোনো কোনো ক্ষেত্রে ৫ বা ৩ শতাংশ সুদ নেওয়া হয়। যেমন ধরুন, গৃহায়ণের জন্য আমার বেসরকারি সংস্থাগুলোকে এক শতাংশ সার্ভিস চার্জে অর্থ দিই। কিন্তু এ ক্ষেত্রে বিধিনিষেধ আছে যে তারা ৫ শতাংশের বেশি সুদ নিতে পারবে না।" কোনো ব্যাংকই ৫ শতাংশের বেশি সুদ নিতে পারবে না- এরকম নিয়ম আছে কি না জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, "না, আমরা এজন্য একটি বিশেষ তহবিল তৈরি করেছি। দরিদ্রদের গৃহায়ণ নামের এ বিশেষ ব্যাংক থেকে মানুষ ঘর তৈরির জন্য ঋণ নিতে পারে।" র‌্যাব প্রসঙ্গ বাংলাদেশে র‌্যাবই বিচারক, এবং শাস্তি প্রয়োগকারী এবং কোনো ধরনের জবাবদিহিতা ছাড়াই এরা কাজ করে- এরকম একটি ধারণা প্রচলিত আছে উল্লেখ করে ওয়াশিংটন পোস্ট প্রধানমন্ত্রীর কাছে জানতে চায়, এটি সত্যি কি না। প্রধানমন্ত্রী বলেন, "না। আইন আছে। নিয়মকানুন আছে। র‌্যাব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন। তাই ওদের নিয়মে চলে র‌্যাব। এবং বাংলাদেশে এক সময় সন্ত্রাসবাদ ছিলো। আমার সরকার গঠন করার পর সন্ত্রাসবাদ কমিয়েছি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/এমআই/০৯৪৫ ঘ.