খুলনা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলাবদ্ধতা থেকে মুক্ত করার দাবিতে সাতক্ষীরা, খুলনা ও যশোরের কয়েকশ' মামনুষ বুধবার পদযাত্রা করেছে।
'ফিরিয়ে দাও আমাদের গ্রাম' স্লোগন নিয়ে সাতক্ষীরা থেকে খুলনা পর্যন্ত এই পদযাত্রায় অংশ নিয়েছে পানিবন্দি অন্তত পাঁচ শতাধিক মানুষ।
গত চারমাস ধরে খুলনা, সাতক্ষীরা ও যশোরের কয়েকলাখ মানুষ পানিবন্দি জীবনযাপন করছে। এর আগে বিভিন্ন সময় এলাকার লোকজন কপোতাক্ষ নদ সংস্কারের দাবি জানিয়েছে। কিন্তু তাদের সমস্যার কোনো সমাধান হয়নি।
সাতক্ষীরা থেকে সকাল সাড়ে ৮টায় ওই পদযাত্রা শুরু হযে দুপুর ১টায় খুলনা গিয়ে শেষ হয়। সাতক্ষীরা, খুলনা ও যশোরের দুর্গত এলাকার ভুক্তভোগী মানুষরা এই পদযাত্রায় অংশ নেন।
যাত্রা পথে পাটকেলঘাটা, চুকনগর ও ডুমুরিয়ায় মানববন্ধন, সমাবেশ ও পথসভা করে তারা।
খুলনায় এক সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ চার মাস ধরে খুলনা, সাতক্ষীরা ও যশোরের ১০ লক্ষাধিক মানুষ পানিতে ডুবে থাকলেও পানি উন্নয়ন বোর্ডের সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি।
সমাবেশে গ্রাম ফিরিয়ে দেওয়া ছাড়াও জোয়ারাধার চালু, পানি উন্নয়ন বোর্ডের দুর্নীতি দূর করা, পানি ব্যবস্থাপনায় দাতাগোষ্ঠীর খবরদারি বন্ধ, দুর্যোগ ব্যবস্থাপনা আইন চালু এবং পানি নিষ্কাশনের জন্য দ্রুত কপোতাক্ষসহ নদী-খালগুলো খনন করার দাবি জানান।
পদযাত্রা শেষে খুলনা বিভাগীয় কমিশনারের কাছে একটি স্মারকলিপি দেন তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/০০৪৬ ঘ.
bdnews24