চট্টগ্রাম, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মসলা চোরাচালান বন্ধের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন।
বুধবার বিকালে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এ স্মারকলিপি জমা দেন সংগঠনের সভাপতি মাহবুবুল আলম।
এতে বলা হয়, অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে দেশে নিত্য প্রয়োজনীয় মসলা আসায় প্রতিবছর সরকার দুই হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমদানিকারকের পাশাপাশি ব্যাংক, বীমা ও ব্যবসায়ীরা।
ব্যবসায়ীরা জানান, চোরচালানকৃত মসলা আখাউড়া সীমান্ত দিয়ে নোয়খালীর চৌমুহনী, ছাগলনাইয়া সীমান্ত দিয়ে ফেনী, চৌদ্দগ্রাম মিয়া বাজার দিয়ে কুমিল্লার বিভিন্ন বাজারে আসে। পরে এসব চোরাচালানের মসলা বিভিন্ন পথে ঢাকায় পৌঁছে।
এ ছাড়া পাবনা, সৈয়দপুর, রংপুর ও রাজশাহী এলাকা দিয়েও মসলা চোরাচালান হয় বলে জানান তারা।
স্মারকলিপি জমা দেওয়ার সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ছৈয়দ ছগীর আহমদ, সাংগঠনিক সম্পাদক মো. জামাল হোসেন, মসলা আমদানিকারক ওসমান চৌধুরী, নুরুল আবছার, উৎপল চৌধুরী মানিক প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এএল/২২০৭ ঘ.
bdnews24