বাগেরহাট, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেলের মূল্য পরিশোধ না করায় হাইকোর্টের নির্দেশে একটি জাহাজ আটকে রেখেছে মংলা বন্দর কর্তৃপক্ষ।
মঙ্গলবার বিকালে বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ এই জাহাজটি আটক করে বলে হারবার মাস্টার কমান্ডার মো. এনামুল হক জানান।
ভিয়েতনামের পতাকাবাহী এম.ভি. নিউ এনার্জি নামের খাদ্যশস্যবাহী (গম) এই জাহাজটি এখন মংলা বন্দরের ২ নম্বর মুরিং বয়ায় অবস্থান করছে।
হারবার মাস্টার কমান্ডার মো. এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাহাজটি গত ৪ অক্টোবর খাদ্য বিভাগের সাড়ে তেরো হাজার মেট্রিক টন গম নিয়ে মংলা বন্দরে নোঙর করে।
জাহাজ কর্তৃপক্ষ জ্বালানি তেলের (ফার্নেস অয়েল) মূল্য বাবদ চট্টগামের একটি তেল সরবরাহকারী প্রতিষ্ঠানের ৬৩ লাখ টাকা পরিশোধ করেনি।
তিনি আরো জানান, পাওনা টাকা আদায়ের জন্য ওই প্রতিষ্ঠানের আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালত জাহাজটি আটক করতে হারবার কর্তৃপক্ষকে নির্দেশ দেয়।
মঙ্গলবার বিকালে ওই আদেশের কপি হারবার কর্তৃপক্ষের হাতে পৌঁছে।
আদালতের দেওয়া নির্দেশনা নিষ্পত্তি হলে জাহাজটি ছেড়ে দেওয়া হবে বলে তিনি জানান।
বাংলাদেশ শিপিং কর্পোরেশনের খুলনা বিভাগীয় কার্যালয়ের মহা-ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জাহাজ আটকের বিষয়টি নিশ্চিত করলেও আর কিছু জানাতে রাজি হননি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭৫৮ ঘ.
bdnews24