বরগুনা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- র্যাব ও পুলিশের ভুয়া পরিচয় দিয়ে বরগুনা সদর উপজেলার একটি গ্রামে দরিদ্র কৃষক এবং গ্রামবাসীদের কাছ থেকে প্রায় ২২ হাজার টাকার ইলিশ মাছসহ কয়েক হাজার টাকা লুট করেছে পাঁচ প্রতারক।
সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের মোল্লারহোরা গ্রামে সোমবার দুুপুরে বিভিন্ন সময়ে মাছ লুটপাটের এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও ভুক্তভোগী জেলেরা।
প্রতারণার অভিযোগ যাদের বিরুদ্ধে, তারা হলেন- হায়দার স্বপন, গোলাম কিবরিয়া, মানিক, সোলায়মান ও আবদুল আজিম।
মঙ্গলবার দুপুরে বরগুনা থানার উপপরিদর্শক বশির উদ্দিন, ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক স্বপনসহ সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে হতদরিদ্র জেলেরা কান্নাজড়িত কন্ঠে লুটের বর্ণনা দেন।
মোল্লারহোরা গ্রামের জেলে ইউনুস আলী সিকদার সাংবাদিকদের বলেন, সোমবার দুপুরে ওই পাঁচ জন মোল্লারহোরা গ্রামে নোঙর করে রাখা তিনটি ট্রলারের কাছে গিয়ে র্যাব-পুলিশ পরিচয় দিয়ে অকথ্য ভাষায় গালাগালি শুরু করে। এক পর্যায়ে র্যাবের বড় কর্মকর্তার সঙ্গে মোবাইলে কথা বলার নাটক করে মারমুখী হয়ে জেলেদের নির্যাতনের হুমকি দিলে জেলেরা ট্রলারভর্তি মাছ ফেলে দৌড়ে ও নদীতে ঝাঁপিয়ে পালিয়ে যায়।
এসময় তিনটি ট্রলারের ৩১টি বড় আকারের ইলিশসহ ১৬ হাজার টাকার বেশি দামের ৩৭৫টি মাছ লুট করা হয় বলে জেলেদের অভিযোগ।
ইউনুস আলী জানান, ৬ অক্টোবর থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারির দুদিন পর বঙ্গোপসাগর থেকে ইলিশ ভর্তি ট্রলার নিয়ে ফিরে আসে কয়েকটি ট্রলার। ১৬ অক্টোবরের পর এসব মাছ বিক্রি করার কথা থাকায় মাছগুলো ট্রলারেই বরফ দিয়ে সংরক্ষণ করা হয়েছিলো।
ঢলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হক স্বপন জানান, জেলেদের কাছ থেকে ২২ সহস্রাধিক টাকার মাছ ও নগদ ৭ হাজার ২০০ টাকা লুট হয়েছে।
রায়ভোগ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল বাশার জানান, তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে বাজার থেকে কেনা চার হালি জাটকাও নিয়ে যায় লুটেরারা।
এলাকার ইউপি সদস্য আফজাল হোসেন বলেন, হতদরিদ্র জেলেরা কান্নাকাটি করলেও লুটেরাদের একটুও মায়া হয়নি। তারা মাছ লুট করেই ক্ষান্ত হয়নি, এলাকার গুরুজনদেরও গালাগালি করেছে।
তবে অভিযুক্তরা মাছ লুট ও টাকা আনার কথা অস্বীকার করে জানান, তাদের নামে অহেতুক 'বদনাম' ছড়ানো হচ্ছে।
তবে বরগুনা থানার উপ-পরিদর্শক বশির উদ্দিন জানান, পাঁচ জনের বিরুদ্ধে মাছ লুট ও টাকা আনার প্রমাণ পাওয়া গেছে। তবে মাছ ও টাকার পরিমাণ কম বা বেশি হতে পারে।
র্যাব-৮ পটুয়াখালীর কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট মোহাম্মদ নূর-উজ-জামান জানান, তাদের গোয়েন্দা বিভাগকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। র্যাবের ভুয়া পরিচয় দিয়ে মাছ লুট করার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরগুনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য এডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, এটা এক ধরনের দস্যুতা। সদর থানার ওসিকে এ ব্যাপারে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বরগুনা থানার ওসি জাকির হোসেন ফকির জানান, পুলিশ ঘটনার তদন্ত করছে। তদন্তে দোষ প্রমাণিত হলে অভিযুক্তদের গ্রেপ্তার করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৭৪৮ ঘ.
bdnews24