২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পত্রিকায় আসা দুর্নীতির ১০ অভিযোগ অনুসন্ধানে দুদক

সেপ্টেম্বরে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ২৭টি দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদন যাচাই শেষে ১০টির বিষয়ে অনুসন্ধানের সিন্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2011, 11:40 AM

Updated : 24 Aug 2022, 04:31 PM

ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সেপ্টেম্বরে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত ২৭টি দুর্নীতি সংক্রান্ত প্রতিবেদন যাচাই শেষে ১০টির বিষয়ে অনুসন্ধানের সিন্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার কমিশনের সেগুনবাগিচা কার্যালয়ে মহাপরিচালক ফররুখ আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি আরো জানান, সেপ্টেম্বর মাসে কমিশনে বিভিন্ন ধরনের ৭৫১টি অভিযোগ এসেছে। এর মধ্যে অভিযোগ যাচাই-বাছাই কমিটিতে ১৫৯টি অভিযোগ অনুসন্ধানের জন্য গৃহীত এবং চারটি অভিযোগ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্তৃপক্ষ বরাবর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য পাঠানো হয়েছে। এ ছাড়া আয় বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, অর্থ আত্মসাৎ, অর্থ পাচার ও জাল-জালিয়াতি অভিযোগে ২২টি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে কমিশন। এসব মামলায় ৪১ জনকে অভিযুক্ত করা হয়েছে। যুক্তরাজ্যে ৪ লাখ ১৮ হাজার ৮৫৩ ব্রিটিশ পাউন্ড অবৈধভাবে জমা বা পাচারের মাধ্যমে ন্যাট ওয়েস্ট ব্যাংকে রাখার দায়ে গিয়াস উদ্দিন আল মামুনের বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান দুদক মহাপরিচালক। সেপ্টেম্বরে ৪০টি মামলার অভিযোগপত্র দাখিলের অনুমোদন দেওয়ারর কথা তুলে ধরে তিনি বলেন, এসব মামলায় ১২২ জনকে অভিযুক্ত করা হয়েছে। এদের মধ্যে ৫৫ জন সরকারি চাকরিজীবী, ১৫ জন বেসরকারি চাকরিজীবী, ১০ জন জনপ্রতিনিধি-রাজনীতিবিদ এবং ব্যবসায়ীসহ অন্য পেশার ৪২ জন রয়েছেন। এর আগে অগাস্টে ৬৪৫টি অভিযোগ এসেছিলো কমিশনে। এর মধ্যে ১২৩টি অভিযোগের অনুসন্ধান চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/১৭৩৭ ঘ.