নড়াইল, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্যের বিরুদ্ধে 'ভিত্তিহীন ও মিথ্যা সংবাদ প্রকাশে'র অভিযোগে দৈনিক যুগান্তরের সম্পাদক ও প্রকাশক সালমা ইসলামসহ আট জনের বিরুদ্ধে নড়াইলে দায়ের মামলাটি খারিজ করেছে আদালত।
নড়াইলের কালিয়া আমলি আদালতের বিচারক মো. মনিরুজ্জামান বুধবার বিকালে মামলাটি খারিজ করে দেন।
সকালে একই আদালতে মামলাটি করেন কালিয়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও কালিয়া পৌরসভার ব্যান্দা গ্রামের বাসিন্দা কমলাখী বিশ্বাস।
বাদির আইনজীবী ফজলুর রহমান জিন্নাহ বলেন, আদালত বাদির জবানবন্দি নিয়ে মামলায় মানহানির কোন উপাদান না পাওয়ায় মামলাটি খারিজ করে দেন।
মামলায় বাদি অভিযোগ করেন, নড়াইল-১ আসনের (কালিয়া-নড়াইল সদরের আংশিক) সরকার দলীয় সংসদ সদস্য কবিরুল হক মুক্তিকে নিয়ে 'এমপি মুক্তির বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির নানা অভিযোগ' শিরোনামে গত ৭ অক্টোবর পত্রিকাটিতে সংবাদ প্রকাশিত হয়।
সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন দাবি করে মামলায় বলা হয়, এ সংবাদ প্রকাশের ফলে মুক্তির ব্যক্তিগত, পারিবারিক, সরকারের ভাবমূর্তি ও সম্মান দেশের মানুষের কাছে ক্ষুন্ন হয়েছে।
মামলার অপর আসামিরা হলেন-কালিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদুল হক মোল্যা, যুগান্তরের নির্বাহী সম্পাদক সাইফুল ইসলাম, যুগান্তরের নড়াইল প্রতিনিধি সাজ্জাদ হোসেন টিপু, কালিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শহিদুল ইসলাম শাহী, নড়াগাতি থানা আওয়ামী লীগের সভাপতি হাজী মফিজুল ইসলাম, খাসিয়াল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খাজা নাজিমুদ্দিন, কালিয়া উপজেলার ভাইস চেয়ারম্যান গোলাম মোস্তফা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৩৬ ঘ.
bdnews24