টাঙ্গাইল, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার শিবেরপাড়া গ্রামে এক স্কুল ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে কাঞ্চন আক্তার (১৬) নামে ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়।
কাঞ্চন আক্তার ওই গ্রামের ইয়ার আলীর মেয়ে। সে ভাবনদত্ত উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী।
ইয়ার আলী জানান, সোমবার রাতে খাওয়ার পর কাঞ্চন ঘুমিয়ে পড়ে। সকালে তাকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ি থেকে কয়েকশ' গজ দূরে শিবেরপাড়া প্রাথমিক বিদ্যালয়ের পেছনে বাঁশ ঝাড়ে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ পাওয়া যায়।
ঘাটাইল থানার উপ-পরিদর্শক (এসআই) সুলতান আহমেদ জানান, প্রাথমিকভাবে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে ইয়ার আলী বাদী হয়ে মামলা করেছেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/ডিডি/১৮৪৭ ঘ.
bdnews24