ঢাকা, অক্টোবর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালতের নির্দেশনা উপেক্ষা করায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তার কারণ জানতে চেয়েছে হাইকোর্ট।
পিরোজপুরের পৌরসভায় মেয়র পদে একজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করায় মঙ্গলবার আদালত অবমাননার এ রুল জারি করা হয়।
সিইসির পাশাপাশি বরিশালের বিভাগীয় কমিশনার আবু হেনা মো. রাহমাতুল মুনীম, পিরোজপুরের জেলা প্রশাসক মো. রুহুল আমিন, সহকারি জেলা প্রশাসক শেখ মো. মনিরুজ্জামান, পিরোজপুর এলজিআরডির উপপরিচালক তরফদার সোহেল রানা এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র 'নির্বাচিত' হওয়া হাবিবুর রহমান মালেককেও একই রুলের জবাব দিতে হবে।
ওই পৌর নির্বাচনে মেয়র পদে মনোনয়নপত্র জমাদানকারী মো. নাসিম উদ্দীনের আবেদনে বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি এম মোয়াজ্জাম হোসেনের বেঞ্চ এই রুল জারি করে।
সিইসিসহ অন্য সবাইকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।
আদালতে নাসিম উদ্দিনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শেখ আতিয়ার রহমান।
তিনি সাংবাদিকদের বলেন, 'পিরোজপুর পৌরসভার মেয়র পদে আমার মক্কেলের মনোনয়নপত্র গত বছরের ১৯ ডিসেম্বর রিটার্নিং কর্মকর্তা বাতিল করে। আপিল করলেও বাতিলের সিদ্ধান্ত বহাল থাকায় তিনি উচ্চ আদালতের শরণাপন্ন হন।"
"গত ০২ জানুয়ারি হাইকোর্ট এক আদেশে নাসিমের মনোনয়নপত্র গ্রহণ ও নির্বাচনে তার জন্য প্রতীক বরাদ্দের পাশাপাশি তার প্রতিদ্বন্দ্বীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা না করার নির্দেশ দেয়। পরে আপিল বিভাগ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মনোনয়নপত্র গ্রহণ ও প্রতীক বরাদ্দের বিষয়টি স্থগিত করে দেয়।"
আপিল বিভাগের এই আদেশের ফলে নাসিমের প্রতিদ্বন্দ্বীকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণায় হাইকোর্টের নিষেধাজ্ঞাটি বহাল থাকে উল্লেখ করে শেখ আতিয়ার বলেন, "এরপরও নির্বাচন কমিশন গত ২০ জানুয়ারি হাবিবুর রহমান মালেককে নির্বাচিত ঘোষণা করে ০১ ফেব্র"য়ারি শপথ দিয়ে দেয়।"
এ বিষয়ে বিবাদীদের আইনগত নোটিশ দেওয়া হলেও জেলা প্রশাসক ছাড়া বাকিরা নোটিশের জবাব না দেওয়ায় তারা সোমবার আদালত অবমাননার অভিযোগ দাখিল করেন বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এমআই/পিডি/১৮৫১ ঘ.
bdnews24