নাটোর, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘটনার ছয় বছর পর নাটোরে সিরিজ বোমা হামলার মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে।
সোমবার জেলা দায়রা জজ জাহিদুল ইসলাম সন্ধ্যা পর্যন্ত মামলার বাদী পুলিশ পরিদর্শক মোস্তাফিজুর রহমানের সাক্ষ্য গ্রহণ করেন।
২০০৫ সালের ১৭ অগাস্ট সকালে আধঘণ্টার ব্যবধানে জেলা শহরের আটটি স্থানে বোমা বিস্ফোরণ হয়।
এ ঘটনায় নাটোর থানার তৎকালীন উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান বাদী হয়ে ওইদিনই অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে নাটোর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন।
২০০৬ সালের ১৬ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা নাটোর থানার তৎকালীন ওসি মতিউর রহমান ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন।
অভিযুক্তরা হলেন হাফিজুর ইসলাম হাফিজ ওরফে নোমান, দেলোয়ার হোসেন ওরফে ফজলার রহমান, শিহাব উদ্দিন ওরফে শিহাব ওরফে হানজালা ওরফে আনজালা, মতিন ওরফে ইসমাইলসহ শহীউল্লাহ্ ওরফে ফারুক, শফিউল্লাহ ওরফে তারিক ও আবদুর রশিদ।
মামলার আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল হাই জানান, এর আগে বেশ কয়েকবার সাক্ষ্যের জন্য দিন ধার্য থাকলেও নেওয়া হয়নি।
আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আমেল খান চৌধুরী সাক্ষীকে জেরা করেন।
এ সময় মামলায় গ্রেপ্তার আসামিদের আদালতে হাজির করা হয়।
আগামী ২০ অক্টোবর আরো পাঁচজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে বলে পিপি জানান।
তিনি অরো বলেন, বাদী জবানবন্দিতে ২০০৫ সালের ১৭ অগাস্ট নাটোরের ৮টি স্থানে বোমা বিস্ফোরণ ঘটানোর বিস্তারিত বিবরণ দিয়েছেন।
ওইদিন নাটোর জজ আদালত, জেলা প্রশাসক কার্যালয়, ট্রেজারি, বাসস্ট্যান্ড, পেট্রোলপাম্পসহ ৮টি স্থানে সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে বোমা বিস্ফোরণ হয়।
বিস্ফোরণের স্থানে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ'র (জেএমবি) প্রচারপত্রও পাওয়া যায়।
ওই বছরের ১৭ সেপ্টেম্বর রাজশাহীর গোদাগাড়িতে জেএমবি সদস্য শহীদুল্লাহ্ তারেক ওরফে তুষার বিপুল পরিমাণ জেহাদী বই, লিফলেট ও বিস্ফোরক দ্রব্যসহ পুলিশের হাতে ধরা পড়েন।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী নাটোরর মীরপাড়া থেকে আরো চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তারা ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯১৭ ঘ.
bdnews24