ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সাংবাদিকরা উদ্ধার করে চিকিৎসকের সঙ্গে ঝগড়া করে হাসপাতালে ভর্তি করানোর সাতদিন পর মারা গেলেন ছুরিকাহত যুবক জুলফিকার (২৫)।
সোমবার সকাল ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় জুলফিকার মারা যান।
রক্তাক্ত জুলফিকারকে ২ অক্টোবর রাতে একটি বেসরকারি টেলিভিশনের সাংবাদিক মহাখালী থেকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেন।
তাকে আইসিইউতে ভর্তি করা নিয়ে চিকিৎসকদের সঙ্গে সাংবাদিকদের বাগবিতণ্ডা হয়।
এই বাগবিতক্তার জের ধরে পরদিন ওই হাসপাতালের চিকিৎসকরা দুইদিন কালো ব্যাজ ধারণ করেন।
পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে হাসপাতাল পরিচালক বিষয়টি মিটিয়ে দেন।
জুলফিকারের ভগ্নিপতি মো. রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পূর্বশত্র"তার জের ধরে তাকে ছুরি মেরে ওই স্থানে ফেলে যায় সন্ত্রাসীরা।
জ্ঞান না ফেরায় বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি বলে তিনি জানান।
ঢামেক ফাঁড়ির হাবিলদার আবদুস সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এ ঘটনায় গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। জুলফিকার মারা যাওয়ায় ওই ডায়েরিটি হত্যা মামলা হবে।"
জুলফিকারের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদী কালসিতে। তার বাবার নাম রাজে আলী খন্দকার। তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে জুলফিকার ছোট।
ঢাকার গুলশানের শাহজাদপুরে আত্মীয়দের সঙ্গে থাকতেন বলে ভগ্নিপতি রফিক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিডি/১৮২৭ ঘ.
bdnews24