ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সংশোধিত আইনের খসড়া নীতিগতভাবে অনুমোদন করেছে মন্ত্রিসভা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সচিবালয়ে সোমবার মন্ত্রিসভার বৈঠক হয়।
মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, ২০০৩ সালের ১৩ মার্চ 'বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন আইন ২০০৩' করা হয়। পরে, কাজে সমন্বয়ের জন্য ২০০৫ সালে ১৭ ফেব্রুয়ারি এবং ২০১০ সালের ২৪ ফেব্রুয়ারি দু'দফায় এই আইনটি সংশোধন করা হয়। এবারো, কাজের সুবিধার জন্য 'বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (সংশোধন) আইন ২০০৩' খসড়া আকারে মন্ত্রিসভায় উত্থাপন করা হয় এবং তা নীতিগত অনুমোদন দেওয়া হয়।
এছাড়া, মন্ত্রিসভার বৈঠকে 'সার্ক এগ্রিমেন্ট অন র্যাপিড রেসপন্স টু ন্যাচারাল ডিজাস্টার' স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন হয়।
এ প্রসঙ্গে প্রেসি সচিব বলেন, "ভৌগলিক কারণেই বাংলাদেশসহ সার্কের সদস্য রাষ্ট্রগুলো বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়। দুর্যোগের শিকার হওয়া দেশগুলোর পক্ষে অনেক সময়েই একার পক্ষে তা কাটিয়ে ওঠা সম্ভব হয় না।
"বাংলাদেশে ১৯৯১ সালে ঘূর্ণিঝড় এবং সাম্প্রতিক সময়ে সিডরের পর মার্কিন সেনারা সহায়তা করে। সার্ক সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর প্রাকৃতিক দুর্যোগের শিকার হলে অন্য সদস্য দেশগুলো যেন সহায়তার জন্য এগিয়ে আসতে পারে সেজন্য এটি স্বাক্ষরের প্রয়োজনীয়তা রয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিডি/১৮০০ ঘ.
bdnews24