২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রামীণফোনের শর্তারোপ, আইনি পথে বিটিআরসি

আলোচনায় বসার শর্ত হিসেবে পাওনা চেয়ে বিটিআরসির পাঠানো চিঠি প্রত্যাহার চেয়েছে গ্রামীণফোন। বিটিআরসি বলেছে, এখন তারা আইনি পথে এগোবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Oct 2011, 07:56 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলোচনায় বসার শর্ত হিসেবে পাওনা চেয়ে বিটিআরসির পাঠানো চিঠি প্রত্যাহার চেয়েছে গ্রামীণফোন। বিটিআরসি বলেছে, এখন তারা আইনি পথে এগোবে। পাওনা নিয়ে মতবিরোধ নিয়ে সোমবার গ্রামীণফোন ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) আলোচনার উদ্যোগ ব্যর্থ হয়। এ জন্য গ্রামীণফোন কর্তৃপক্ষকেই দায়ী করেছে বিটিআরসি। একটি নিরীক্ষা প্রতিবেদনের ওপর ভিত্তি করে গত ৩ অক্টোবর বিটিআরসি ৩ হাজার ৩৪ কোটি টাকা পাওনা চেয়ে গ্রামীণফোনকে চিঠি দেয়। এরপর গ্রামীণফোন ওই নিরীক্ষার ভিত্তি নিয়েই প্রশ্ন তোলে। এর পরিপ্রেক্ষিতে বিটিআরসি সোমবার বৈঠকে ডেকেছিলো গ্রামীণফোনকে। গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা টরে জনসনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল দুপুরে বিটিআরসিতে যায়। বিটিআরসি থেকে বেরিয়ে চিফ অফ কমিউনিকশন্স কর্মকর্তা কাজি মনিরুল কবীর সাংবাদিকদের বলেন, "আমরা আলোচনায় বসার আগে বিটিআরসির চিঠি (পাওনা চেয়ে) স্থগিত রাখার কথা বলে এসেছি।" অন্যদিকে বিটিআরসির চেয়ারম্যান জিয়া আহমেদ বলেন, "তারা আলোচনা এড়িয়ে গেছে। এখন আমরা আলোচনা করে কী আইনি পদক্ষেপ নেওয়া যায়, তা দেখবো।" নিরীক্ষা প্রতিবেদন ধরে বিটিআরসি বলছে, ২০১১ এর মার্চ পর্যন্ত গ্রামীণফোন (জিপি) ৩৮ হাজার ৯৮৪ কোটি টাকা আয় করেছে। এ হিসাবে এর ২ হাজার ৫৪৪ কোটি টাকা বিটিআরসির পাওয়ার কথা। তবে প্রতিষ্ঠানটি ১ হাজার ৬২৭ কোটি টাকা পরিশোধ করেছে। পাওনা রয়েছে সুদসহ ৩ হাজার ৩৪ কোটি টাকা। চিঠি পাঠানোর পরদিন এক সংবাদ সম্মেলনে গ্রামীণফোন বলে, যে নিরীক্ষার ভিত্তিতে গ্রামীণফোনকে সরকার ৩ হাজার কোটি টাকা পরিশোধ করতে বলেছে তা 'ভুল ধারণার ভিত্তিতে' হয়েছে। এরপর ৫ অক্টোবর নিরীক্ষার বিষয়ে আলোচনা করতে গ্রামীণফোন কর্তৃপক্ষকে দেখা করতে বলে বিটিআরসি। নিরীক্ষা প্রতিবেদন নিয়ে গ্রামীণফোনের আপত্তির বিষয়ে প্রয়োজনীয় কাগজপত্রও নিয়ে আসতে বলা হয়। গ্রামীণফোন কর্মকর্তা মনিরুল বলেন, "বিটিআরসি টাকা দেওয়ার জন্য ২১ দিন সময় বেঁধে দিয়েছে, সময় বা দিন ঠিক করে আলোচনা বসার কোনো মানে হয় না।" গ্রামীণফোনের পক্ষ থেকে পূর্ণাঙ্গ নিরীক্ষা প্রতিবেদন বিটিআরসির কাছে চাওয়া হয়েছে বলে তিনি জানান। "ব্যাপারটি আমরা ইতিবাচক দৃষ্টিতে দেখছি। সমাধানের বিষয়েও আশাবাদী," বলেন তিনি। মনিরুল বলেন, "বিটিআরসি অসম্পূর্ণ, অসঙ্গতিপূর্ণ ও ভুল ধারণায় ক্রটিপূর্ণ রিপোর্ট দিয়েছে। আশা করছি, শিগগিরই বিটিআরসি তাদের সিদ্ধান্ত জানাবে।" কবে নাগাদ বিটিআরসি সিদ্ধান্ত জানাবে বলে আশা করছেন- জানতে চাওয়া হলে তিনি বলেন, "এ ব্যাপারে কোনো সময় দেওয়া হয়নি।" গ্রামীণফোন ও বিটিআরসি'র এ ঘটনা টু-জি লাইসেন্স নবায়নে কোনো প্রভাব ফেলবে কি না- প্রশ্ন করা হলে মনিরুল বলেন, দুটি ভিন্ন ঘটনা। একটির সঙ্গে অন্যটির কোনো সম্পর্ক নেই। বিটিআরসি চেয়ারম্যান সাংবাদিকদের বলেন, "অডিট নিয়ে গ্রামীণফোনের আপত্তি বিষয়ক কাগজপত্র নিয়ে আসার কথা থাকলেও তারা নিয়ে আসেনি, তারা (গ্রামীণফোন) বৈঠকে বসার পর বলছে, তারা প্রস্তুত নয়।" নিরীক্ষা প্রতিবেদনের আপত্তিগুলো নিয়ে গ্রামীণফোন কোনো কথা বলেনি বলেও জানান তিনি। টাকা দেওয়ার জন্য ২১ দিন সময় বেঁধে দেওয়া হয়েছে জানিয়ে জিয়া আহমেদ বলেন, "গ্রামীণফোনকে সময় চাওয়ার জন্য বলা হলেও তারা কোনো সময় চায়নি।" পুরো নিরীক্ষা প্রতিবেদন চাওয়ার বিষয়ে গ্রামীণফোন কর্মকর্তা দাবি করলেও বিটিআরসি চেয়ারম্যান বলেন, "আমাদের কাছে অডিট রিপোর্ট তারা চায়নি।" "আমরা খোলামন নিয়ে আলোচনায় বসেছিলাম, কিন্তু গ্রামীণফোন আলোচনা এড়িয়ে গেছে," বলেন তিনি। গ্রামীণফোনের সঙ্গে বিটিআরসি আবার বৈঠক করবে কি না জানতে চাইলে জিয়া বলেন, কমিশনের বৈঠক শেষে তা ঠিক করা হবে। "এ বিষয়ে কমিশন বৈঠক করে সিদ্ধান্ত নেবে কী আইনি ব্যবস্থা নেওয়া যায়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/কিউএইচ/এমআই/১৮০১ ঘ.