ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত মেট্রো রেল রুটের জটিলতা দ্রুত দূর করার সুপারিশ করেছে যোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি।
রোববার স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ এবং প্রস্তাবিত মেট্রো রেল বিষয়ে তথ্য উপস্থাপন ও আলোচনা হয়।
সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা শহরের যানজট নিরসনের লক্ষ্যে মিরপুর পল্লবী থেকে ফার্মগেইট হয়ে মতিঝিল বাংলাদেশ ব্যাংক পর্যন্ত প্রস্তাবিত মেট্রো রেল নির্মাণ শুরু করতে দ্রুত সাইট সিলেকশনের জটিলতা দূর করার সুপারিশ করা হয় বৈঠকে।
ঢাকার উত্তরা থেকে সায়েদাবাদ পর্যন্ত প্রধান রুটটির দৈর্ঘ্য প্রায় ২৬ কিলোমিটার৻
রেলরুটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপত্তির কারণে ওই অংশে ইতিমধ্যে একবার পরিবর্তন আনা হয়। এরপর বিজয় সরণী অংশে আপত্তি জানায় বিমানবাহিনী। তাদের মতে, রেল পথের উচ্চতার কারণে তেজগাঁও পুরনো বিমানবন্দরটি আর ব্যবহারোপযোগী থাকবে না।
এর বিকল্প হিসেবে সংসদ ভবন চত্ত্বরের ভেতর দিয়ে খামারবাড়ি হয়ে রেল রুট তৈরির প্রস্তাব দেয় বিমানবাহিনী।
এ অবস্থায় গত মাসে এ প্রকল্পের একমাত্র অর্থদাতা প্রতিষ্ঠান জাইকা এক মাসের মধ্যে রুট বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করার তাগিদ দেয়।
এরপর প্রধানমন্ত্রীর উপস্থিতি বিমানবাহিনীর সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হলেও রুট জটিলতার সুরাহা হয়েছে কি না তা আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে জানানো হয়নি।
প্রাথমিকভাবে এ প্রকল্পের নির্মাণ ব্যয় প্রায় ১৭০ কোটি ডলার ধরা হয়েছে।
সংসদীয় কমিটির সভাপতি শেখ মুজিবুর রহমান সভাপতিত্বে রোববারের বৈঠকে কমিটির সদস্য মো. জিল্লুল হাকিম, এইচ. এম. গোলাম রেজা, মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, মো. আবু জাহির, মো. গোলাম মাওলা রনি এবং অপু উকিল বৈঠকে অংশ নেন।
যোগাযোগ মন্ত্রণালয়াধীন সড়ক বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খান, সেতু বিভাগের সচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, রেলওয়ে বিভাগের সচিব ফজলে কবির বৈঠকে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২৫১ ঘ.
bdnews24