২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম আলোর বিরুদ্ধে অভিযোগ নাসিম ওসমানের

প্রথম আলোসহ বেশ কয়েকটি ইলেকট্রনিক মিডিয়া ওসমান পরিবারকে হেয় করার জন্য অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জে জাতীয় পার্টির সংসদ সদস্য নাসিম ওসমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 03:38 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

নারায়ণগঞ্জ, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথম আলোসহ বেশ কয়েকটি ইলেকট্রনিক মিডিয়া ওসমান পরিবারকে হেয় করার জন্য অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জে জাতীয় পার্টির সংসদ সদস্য নাসিম ওসমান। রোববার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন। নাসিম ওসমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (এনসিসি) নির্বাচনে মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের বড় ভাই। সংবাদ সম্মেলনে নাসিম ওসমান বলেন, তারা গডফাদার নন। অমন হলে যারা গডফাদার বলছে তাদের অনেকের কবরে বটগাছ জন্মাতো। তবে তিনি নিজেদের নারায়ণগঞ্জের একচ্ছত্র শক্তি বলেও দাবি করেন। তিনি বলেন, তারেক ও কোকোর দুর্নীতির এবং ২১ অগাস্ট বোমা হামলার বিচারসহ সরকারের বিভিন্ন কর্মকাণ্ডকে বাধাগ্রস্ত করতেই কোটি কোটি টাকার তহবিল সারাদেশে ছড়ানো হচ্ছে। তারই অংশ হিসেবে নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের শান্তিপূর্ণ পরিবেশকে অস্থির করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চলছে। শামীম ওসামনের পক্ষে কাজ করার জন্য দুই শতাধিক সংসদ সদস্য নারায়ণগঞ্জ আসবেন বলে দাবি করেন নাসিম ওসমান। আসন্ন এনসিসি নির্বাচনে শামীম ওসমান বিপুল ভোটে পেয়ে জয়ী হবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দিপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নাজিমউদ্দিন, বন্দর উপজেলা ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু প্রমুখ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/প্রতিনিধি/এমএইচ/ডিডি/২১২২ ঘ.