২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন গোয়েন্দাকে নিয়ে দুই সংস্থার টানাপড়েন

ঘুষ নেওয়ার অভিযোগে তিন পরিদর্শককে বরখাস্ত করার ঘটনায় দৃশ্যত টানাপড়েন শুরু হয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) মধ্যে। জানাচ্ছেন লিটন হায়দার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 03:20 PM

Updated : 24 Aug 2022, 04:30 PM

লিটন হায়দার প্রধান অপরাধ প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঘুষ নেওয়ার অভিযোগে তিন পরিদর্শককে বরখাস্ত করার ঘটনায় দৃশ্যত টানাপড়েন শুরু হয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) মধ্যে। ঢাকা মহানগর ডিবির পরিদর্শক শফিউদ্দিন শেখ, রুহুল আমিন এবং গিয়াস উদ্দিনকে গত বৃহস্পতিবার রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের সামনে থেকে আটক করেন এনএসআই কর্মকর্তারা। ওইদিনই তাদের সাময়িক বরখাস্ত করা হয়। এনএসআই কর্মকর্তারা বলছেন, এক ব্যবসায়ীর কাছ থেকে তথ্য পেয়ে 'ভুয়া ডিবি' ধরার জন্য সেদিন হলি ফ্যামেলির সামনে ফাঁদ পেতেছিলেন তারা। আর তাতেই ধরা পড়েন পুলিশের ওই তিন গোয়েন্দা। অন্যদিকে পুলিশের অভিযোগ, পরিচয় দেওয়ার পরও ওই তিন গোয়েন্দাকে ধরে নিয়ে গিয়ে মারধর করেছেন এনএসআই কর্মকর্তারা। তথ্যদাতা সেই ব্যবসায়ীর পরিচয় চেয়ে এনএসআইকে চিঠি দেবে পুলিশের তদন্ত কমিটি। গত বৃহস্পতিবার তিন গোয়েন্দাকে বরাখাস্ত করার পরপরই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ন কমিশনার মীর শহিদুল ইসলামকে বিষয়টি তদন্ত করার দায়িত্ব দেওয়া হয়। মীর শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইতোমধ্যে এনএসআইয়ের এক সদস্যের সঙ্গে আমার কথা হয়েছে। তাকে নিয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।" ওই সদস্যের উদ্ধৃতি দিয়ে যুগ্ন কমিশনার জানান, এনএসআইয়ের কাছে তথ্য ছিল- 'ডিবির লোক' পরিচয় দিয়ে কিছু লোক প্রতারণা করছে। তার ভিত্তিতেই এনএসআই সেদিন আভিযান চালায়। "বরখাস্ত তিন পরিদর্শক বর্তমানে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি আছেন। ঘটনার সময় পরিচয় দেওয়ার পরেও তাদের এনএসআইয়ের কার্যালয়ে নিয়ে ব্যাপক মারধর করা হয় বলে অভিযোগ পেয়েছি আমরা।" মীর শহিদুল বলেন, "তদন্ত এখনো প্রাথমিক পর্যায়ে। গোয়েন্দা পুলিশের তিন কর্মকর্তার অভিযোগ এবং এনএসআইয় সদস্যের বক্তব্য যাচাই করেই সিদ্ধান্ত নেওয়া হবে।" তিনি জানান, যে ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে এনএসআইর সদস্যরা সেদিন হলি ফ্যামিলি হাসপাতালের সামনে গিয়েছিলেন, তার নাম জুয়েল। তাকে কমিটির সামনে হাজির করতে এনএসআইকে অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হবে। নাম প্রকাশ না করার শর্তে এনএসআইয়ের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সেই গোয়েন্দা পরিদর্শকরা সেদিন ঘটনাস্থলে নিজেদের পরিচয় দেননি। বৃহস্পতিবার ঘটনা ঘটলেও তার দুদিন আগে থেকেই তারা জুয়েল নামে সেই ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করছিলেন। কখনো ডিবি, কখনো র‌্যাব, আবার কখনো ডিজিএফআইয়ে পরিচয় দিয়ে ভয় দেখিয়ে জুয়েলের কাছে টাকা আদায় করার চেষ্টা চলছিল। জুয়েল বুধবার এনএসআইয়ে অভিযোগ করলে বৃহস্পতিবার তার মাধ্যমে ওই তিন জনকে হলি ফ্যামিলির সামনে থাকতে বলা হয় এবং পরে 'হাতেনাতে' ধরা হয় বলে দাবি করেন এনএসআই কর্মকর্তা। "এনএসআই কার্যালয়ে নেওয়ার পর তারা নিজেদের ডিবি কর্মকর্তা বলে পরিচয় দেন। এরপর ডিবির সঙ্গে যোগাযোগ করা হলে তারা একজনকে পাঠায়। বিভাগীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে তার হাতে ওই তিনজনকে তুলে দেই আমরা," যোগ করেন তিনি। এনএসআই কর্মকর্তা বলেন, এই তিন পরিদর্শকের 'অবৈধ কর্মকাণ্ডের' সঙ্গে গোয়েন্দা পুলিশের একজন সহকারী কমিশনারও রয়েছেন। "গোয়েন্দা পুলিশের এসব কর্মকর্তার অবৈধ কর্মকাণ্ডের রেকর্ড আছে। তিন পরিদর্শকের কাছে একাধিক ব্যাংক চেক পাওয়া গেছে।" তিন পুলিশ কর্মকর্তাকে মারধরের অভিযোগ ঠিক নয় বলেও দাবি করেন এনএসআই কর্মকর্তা। এ ব্যাপারে রোববার এক সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বেনজির আহমেদ বলেন, সহকারী পুলিশ কমিশনার ছানোয়ার হোসেনসহ যাদের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে সে বিষয়ে তদন্ত চলছে। প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অবশ্য গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ছানোয়ার হোসেন দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমার বিরুদ্ধে অনিয়মের যে অভিযোগের কথা বলা হচ্ছে তা সঠিক নয়।" ছানোয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই ওই তিন পরিদর্শকের সঙ্গে তার কথা হয়। তারা জানিয়েছেন, চোখ বেঁধে তাদের এনএসআই কার্যালয়ে নেওয়ার পর হাত পিছমোড়া করে বাঁধা হয়। তারপর ওপর করে শুইয়ে কিলঘুষি মারার পাশাপাশি লাঠি দিয়ে শরীরের বিভিন্নস্থানে আঘাত করা হয়। "এই মারধরের কারণে পরিদর্শক শফিউদ্দিনের বাম চোখ নষ্ট হওয়া দশা হয়েছে। ডাক্তাররাও চোখটি ভাল হওয়ার নিশ্চয়তা দিতে পারছেন না। তাছাড়া আঘাতের কারণে রুহুল আমিনের মাথার ভেতরে রক্ত জমাট বেঁধে গেছে। ডাক্তাররা তাকে ঘুম পাড়িয়ে রাখছেন," যোগ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/জেকে/২০৪৯ ঘ.