চট্টগ্রাম, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সমুদ্র উপকূলের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৭ হাজার ৯৬০ কেজি ইলিশ জব্দ এবং ৫০ জেলেকে আটক করেছে কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তর। এদের মধ্যে নয় জনকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার রাতভর কর্ণফুলী নদীর বিভিন্ন ঘাট, আনোয়ারা ও বাঁশখালী সমুদ্র উপকূলে অভিযান চালানো হয়।
কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা লে. কমান্ডার জসিম উজ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের সমুদ্র উপকূলে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়েছে।
এর মধ্যে কর্ণফুলী নদী ও বহির্নোঙ্গর এলাকায় অভিযান চালিয়ে ১৭ হাজার এবং সাঙ্গু নদী, কক্সবাজার ও মিরসরাই এলাকায় অভিযান চালিয়ে সাত হাজার ৯৬০ কেজি ইলিশ জব্দ করা হয়। এসব এলাকা থেকে আটক করা হয় ৪১ জেলেকে।
এ ছাড়া ৭টি বোটসহ ৬ হাজার মিটার কারেন্ট জাল এবং ৫টি বিন্দি জাল আটক করা হয়।
এদিকে বাঁশখালীতে ইলিশ মাছ ধরার অপরাধে নয় জেলেকে এক মাসের কারাদণ্ড দিয়েছে মৎস্য অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাঁশাখালীতে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় ওই নয় জনকে এক মাসের কারাদণ্ড দেয় আদালত।
সেখানে জেলেদের কাছ থেকে তিন হাজার ইলিশ মাছ আটক করা হয় বলেও জানান তিনি।
এ ছাড়া আনোয়ার উপজেলার কয়েকটি বাজারে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত ১২ হাজার টাকা জরিমানা করেছে বলেও জানান তিনি।
আশ্বিনী পূর্ণিমার দিন এবং এর আগে ও পরের পাঁচ দিন করে মোট ১১ দিন সময়কে প্রজনন মৌসুম ধরে ৬ অক্টোবর থেকে ১৬ অক্টোবর ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এএল/২০১৫ ঘ.
bdnews24