২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাহারা বললেন, বিষয়টি স্পর্শকাতর

সিলেটের দুটি বেসরকারি মেডিকেল কলেজের চার ভারতীয় ছাত্র-চিকিৎসকসহ পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের বিষয়টি 'স্পর্শকাতর' বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Oct 2011, 11:24 AM

Updated : 24 Aug 2022, 04:30 PM

ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেটের দুটি বেসরকারি মেডিকেল কলেজের চার ভারতীয় ছাত্র-চিকিৎসকসহ পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের বিষয়টি 'স্পর্শকাতর' বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। রোববার মন্ত্রণালয়ে এক সভা শেষে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন, "ঘটনাটি স্পর্শকাতর, তাই এ বিষয়ে কোনো মন্তব্য করা যাবে না। এ বিষয়ে তদন্ত চলছে।" তদন্ত শেষে গণমাধ্যমকে অবহিত করা হবে বলেও জানান সাহারা। এদিকে জিজ্ঞাসাবাদের কথা বলে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়ে যাওয়ার দুই দিন পর সিলেটের বেসরকারি মেডিকেল কলেজ রাগীব-রাবেয়া'র 'নিখোঁজ' শিক্ষানবীশ চিকিৎসক ডা. তোসাদ্দেক রশিদ, ড. আমির আমিন রেশমী এবং শিক্ষার্থী তওসিফ আহমদ ও দানেশ বাট রোববার সকালে ক্যাম্পাসে ফিরেছেন। এরা সবাই ভারতের জম্মু-কাশ্মীর এলাকার বাসিন্দা। বৃহস্পতিবার রাত ও শুক্রবার দুপুরে জিজ্ঞাসাবাদের কথা বলে মেডিকেল কলেজের হোস্টেল থেকে তাদের নিয়ে যায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এ ছাড়া অপর বেসরকারি মেডিকেল কলেজ নর্থইস্টের একজন চিকিৎসকও একই সময় 'নিখোঁজ' হন। শনিবার সকালে ফিরে আসেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের মেডিসিন ইউনিটের ক্লিনিক্যাল অ্যাসিসটেন্ট (সিএ) ডা. রশিদ আহমদ। তাদের কেন জিজ্ঞাসাবাদ করা হয়েছে সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী কোনো ব্যাখ্যা দেয়নি। অবশ্য দিল্লি হাইকোর্টে বোমা হামলার ঘটনায় বাংলাদেশের ইউনানী মেডিকেলে লেখাপড়া করা এক কাশ্মীরি যুবককে গ্রেপ্তারের সঙ্গে এর সম্পর্ক থাকতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। গত ৭ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টের ফটকে বোমাহামলায় ১৫ জন নিহত হয়। পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিন ওই হামলা চালায় বলে ভারতীয় গোয়েন্দাদের ধারণা। সাংবাদিকরা রোববার ফিরে আসা চারজনের সঙ্গে কথা বলার চেষ্টা করলেও রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলতে দেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/প্রতিনিধি/জেকে/এএল/১৭১৮ ঘ.