চট্টগ্রাম, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসে বাড়তি ভাড়া রাখা নিয়ে চট্টগ্রামে পরিবহন শ্রমিকদের সঙ্গে যাত্রীদের সংঘর্ষ হয়েছে। এ সময় যাত্রীরা দুটি বাস ভাংচুর করে।
রোববার সকাল নয়টার দিকে বহদ্দারহাট মোড়ে সিটি সার্ভিসের ১ নম্বর রুটের বাস-শ্রমিক এবং যাত্রীদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে ট্রাফিক পুলিশ জানায়।
এ সময় নগরীর বহদ্দারহাট থেকে বিমানবন্দর এবং নিউমার্কেট পর্যন্ত দুটি রুটে সিটি সার্ভিসের বাস চলাচল বন্ধ থাকে। এতে অফিসমুখী যাত্রীরা ব্যাপক দুর্ভোগে পড়ে।
গত ১৮ সেপ্টেম্বর সরকার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। পরদিন গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত সিএনজির দাম ২০ শতাংশ বাড়ানোর আদেশ জারি করে বিইআরসি।
এরপর সরকার মালিকদের সঙ্গে আলোচনা করে বাস ভাড়া বাড়ায়। কিন্তু বাস মালিকরা সরকার নির্ধারিত বাস ভাড়া প্রত্যাখান করে।
গত ২৮ সেপ্টেম্বর 'চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্র"প' সংবাদ সম্মেলনে বর্ধিত হারে বাস ভাড়া আদায়ের ঘোষণা দেয়। শুক্রবার থেকে তাদের ঘোষিত নতুন বাস ভাড়া কার্যকর হয়।
ঘোষণা অনুযায়ী, চট্টগ্রাম নগরীতে প্রথম তিন কিলোমিটার পাঁচ টাকা ও পরবর্তী প্রতি কিলোমিটার এক টাকা ৬০ পয়সা হারে যাত্রীদের কাছ থেকে ভাড়া আদায় করা হচ্ছে।
ভাড়া বাড়ানোর আগে নগরীতে প্রথম তিন কিলোমিটার পাঁচ টাকা ও পরবর্তী প্রতি কিলোমিটার এক টাকা ৫৫ পয়সা হারে ভাড়া আদায় করা হতো।
ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর বহদ্দারহাট মোড় থেকে ছেড়ে যাওয়া ১ নম্বর রুটের একটি বাসে অতিরিক্ত ভাড়া নেয়াকে কেন্দ্র করে বাকবিতণ্ডার এক পর্যায়ে বাস-শ্রমিকদের সঙ্গে যাত্রীদের সংঘর্ষ হয়।
এ সময় বিক্ষুব্ধ যাত্রীরা দুটি বাস ভাংচুর করলে শ্রমিকরা এর প্রতিবাদে বাস চলাচল বন্ধ করে দেয়।
ট্রাফিক পুলিশ কর্মকর্তা শহীদুল্লাহ জানান, সিটি সার্ভিসের শ্রমিকদের মধ্যে দুটি পক্ষ রয়েছে। এক পক্ষ অতিরিক্ত ভাড়া নিচ্ছে, অপর পক্ষ বাড়তি ভাড়ার বিরুদ্ধে। দুই পক্ষের দ্বন্দ্বের কারণেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্র"পের উপদেষ্টা আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা সরকার নির্ধারিত ভাড়ায় বাস চালাতে চান। বহদ্দারহাট মোড়ে অনাকাঙ্খিত ঘটনায় যানবাহন ভাংচুর ও সংঘর্ষের ঘটনায় গাড়ি চলাচল সাময়িক বন্ধ ছিল বলে জানান তিনি।
"শ্রমিকদের বাস চলাচল স্বাভাবিক করার জন্য বলা হয়েছে", তিনি যোগ করেন।
তবে বহদ্দারহাট মোড়ে গিয়ে দেখা গেছে রোববার বেলা সাড়ে ১২টা পর্যন্ত বহদ্দারহাট থেকে ১ নম্বর সড়কে সিটি সার্ভিস বাসের চলাচল স্বাভাবিক হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/সিএস/এসইউ ১৫১৯ ঘ.
bdnews24