ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাবা দুলাল মিয়াকে হত্যার পর মাটি চাপা দেওয়ার কথা স্বীকার করেছেন ছেলে জাহিদ হাসান সানি- বলেছে পুলিশ।
টাঙ্গাইলের নাগরপুরে গ্রেপ্তার হওয়ার পর শনিবার সানিকে ঢাকায় আনা হয়।
সানির বরাত দিয়ে পুলিশ বলেছে, হত্যার জন্য তিনি তার চাচাত ভাই আলামিন (১৪) এবং দোকান কর্মচারি শরীফের (১৬) সহায়তা নেন।
সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সানি হত্যার কথা স্বীকার করে বলেছেন ঘটনার রাতে তিনি ও তার চাচাতো ভাই আলামিন (১৪) ঘুমন্ত দুলাল মিয়ার বুকের ওপর উঠে বসেন। দোকান কর্মচারি শরীফ (১৬) মুখে বালিশ চাপা দিয়ে হত্যা করেন।
"তার আগে দুলাল মিয়ার হাত-পা বেঁধে ফেলেন তারা।"
ওসি বলেন, "চাহিদা অনুযায়ী টাকা না পাওয়ার কারণে সানি অন্যের সহায়তা এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।"
সানি যাদের নাম বলেছে তাদের গ্রেপ্তারে অভিযান চালানো হলেও তাদের পাওয়া যায়নি- বলেন নজরুল।
সানিকে রোববার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া জন্য আদালতে পাঠানো হবে।
নাগরপুর থানার ওসি রবিউল ইসলাম শুক্রবার বলেন, "বাবাকে হত্যার পর সানি তার গ্রামের বাড়িতে গিয়ে মঙ্গলবার পুরো বিষয় গোপন করে বলেন, তারা বাবা-ছেলে এবং চাচাতো ভাই আল আমিন একটি ট্যাক্সিক্যাবে টাঙ্গাইলে আসার সময় ময়মনসিংহ রোডে তাদের ট্যাক্সিক্যাবে ডাকাতি হয়। তারা পালিয়ে আসলেও ডাকাতরা তার বাবাকে ধরে নিয়ে যায়।"
নাগরপুরের আহসানুল নামে এক ব্যবসায়ী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তার এলোমেলো কথায় গ্রামের সবার মধ্যে সন্দেহ দেখা দেয়। তবে এরই মধ্যে ডাকাতির ঘটনা আদৌ ঘটেছে কি না তা খোঁজ নেন অনেকে।"
"পরে এক পর্যায়ে তার আচরণে সন্দেহ হলে এলাকার সবাই মিলে শুক্রবার নাগরপুর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।"
নাগরপুর থানা থেকে খবর পেয়ে সূত্রাপুর থানার পুলিশ নরেন্দ্রনাথ বসাক লেনের 'দুলাল ইলেক্ট্রনিকস এন্ড ওয়ার্কশপের' ভেতরে ঢুকে মাটি খুঁড়ে দুলাল মিয়ার লাশ উদ্ধার করে।
লাশটি মাটির ভেতর বসা অবস্থায় ছিল। এই দোকানটি দুলাল মিয়ার।
সানির বরাত দিয়ে সূত্রাপুর থানার ওসি বলেন, "কাজ আছে এবং পাঁচ হাজার টাকার লোভ দেখিয়ে আল আমিনকে টাঙ্গাইল থেকে ঢাকা আনেন সানি।"
ছেলে সানিসহ ওই তিনজনকে আসামি করে দুলাল মিয়ার স্ত্রী সূত্রাপুর থানায় একটি মামলা করেছেন বলে ওসি জানান।
গত ৩০ সেপ্টেম্বর থেকে দুলাল মিয়াকে পাওয়া যাচ্ছিল না। ওই দিন থেকে দোকানও ছিল বন্ধ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/পিডি/২০২০ ঘ.
bdnews24