গাইবান্ধা, ০৮ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। পুলিশ জানায়, শুক্রবার রাতে সাঘাটা ও সদর উপজেলায় এ দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের কাজী ও জুমারবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আহসান হাবীব (৫০) এবং পলাশবাড়ী উপজেলার মনোহরপুর গ্রামের শামিম মিয়ার মেয়ে শামিমা আক্তার (৫)।
সাঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) রুহুর আমিন সাংবাদিকদের জানান, শুক্রবার রাতে আহসান হাবীব মটর সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে জাংগালিয়া এলাকায় হাবীবের মটর সাইকেলের সঙ্গে একটি ভ্যানের ধাক্কা লাগে।
এতে হাবীব ছিটকে গুরুতর আহত হন। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান হাবীব।
অন্যদিকে রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শামীম মিয়া তার মেয়েকে নিয়ে অটোরিকশা করে গাইবান্ধা শহরে যাচ্ছিলেন।
পথে রামচন্দ্রপুর ইউনিয়নের বালুয়া বাজারের কাছে বিপরীত দিক থেকে আসা আরেকটি অটোরিকশার ধাক্কায় শামিমা ছিটকে রাস্তায় পড়ে যান। এতে তিনি ঘটনাস্থলেই মারা যায় বলে জানান ইউপি চেয়ারম্যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮১৮ ঘ.
bdnews24