ঢাকা, অক্টোবর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শ্যামপুরে এক নারী এবং ঢাকার কেরানীগঞ্জে এক ব্যক্তিকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত কারো পরিচয়ই জানাতে পারেনি পুলিশ। ময়না তদন্তের জন্য দুটি লাশই স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে রয়েছে।
শ্যামপুর পুলিশ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে মীরহাজিরবাগ রেহেনা মঞ্জিলের প্রধান ফটক থেকে বস্তাবন্দি এক নারীর লাশ উদ্ধার করে।
নিহতের বয়স ৩০ বছর। তার পরনে সালোয়ার কামিজ রয়েছে।
শ্যামপুর থানার ওসি মিয়া কুতুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সম্ভবত শ্বাসরোধে হত্যার পর রাতের কোনো এক সময় ওই বাড়ির প্রধান ফটকে লাশটি রেখে যায় দুর্বৃত্তরা।
কেরানীগঞ্জে মডেল থানা পুলিশ শনিবার সকাল ১০টার দিকে বুড়িগঙ্গা নদীর বরিসুর ঘাট বরাবর ভাসমান হাত-পা বাঁধা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
নিহতের বয়স ৪০ বছর। তাকে তিন-চার দিন আগে হত্যা করা হয়েছিলো বলে পুলিশের ধারণা।
কেরানীগঞ্জ মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ত্রাসীরা হত্যার পর লাশ গুম করার উদ্দেশ্যে বুড়িগঙ্গা নদীতে লাশ ফেলে দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৩২৫ ঘ.
bdnews24