ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছেলে একেক সময় একেক রকম কথা বলছিল দেখে সন্দেহ হয় পুলিশের। তার কথার সূত্র ধরে পুরান ঢাকার নরেন্দ্র নাথ বসাক লেনে একটি কারখানার মাটি খুঁড়ে সাত দিন ধরে 'নিখোঁজ' এক ব্যক্তির হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতের নাম দুলাল মিয়া (৫২)। তিনি নরেন্দ্র নাথ বসাক রোডের 'দুলাল ইলেক্ট্রনিকস এন্ড ওয়ার্কশপের' মালিক।
পুলিশ জানায়, গত ৩০ সেপ্টেম্বর নিখোঁজ হন দুলাল মিয়া। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি থানায় জানায়।
শুক্রবার সকাল সাড়ে ১১ টার দিকে টাঙ্গাইল নাগরপুর থানা পুলিশ দুলালের ছেলে জাহিদ হাসান সানিকে আটক করে। জিজ্ঞসাবাদে সে একেক সময় একেক রকম কথা বলেন।
নগরপুর থানার ওসি রবিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সানি একবার বলে যে তার বাবাকে কে খুন করেছে তা সে জানে। সে আবার বলে, কারখানার মেশিনের নিচে তার বাবাকে পুঁতে রাখা হয়েছে।"
তার এসব কথার ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় সূত্রাপুর থানা পুলিশ দুলালের কারখানায় অভিযান চালায়। সেখানে মেশিনের নিচে মাটি খুঁড়ে পাওয়া যায় তার লাশ।
সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুলাল মিয়ার হাত-পা রশি দিয়ে বেঁধে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে আমাদের ধারণা।"
তবে কী কারণে তিনি খুন হলেন- সে বিষয়ে এখনো নিশ্চিত নয় পুলিশ।
ওই কারখানার আশেপাশের দোকানদারদের বরাত দিয়ে ওসি বলেন, "বাবা-ছেলে মিলেই ওয়ার্কশপটি চালাতেন। ছেলেটি বখাটে ধরনের হওয়া দুলাল তাকে খুব একটা পছন্দ করতেন না। সানিই অন্য কারো সহায়তায় তার বাবাকে খুন করে থাকতে পারে।"
দুলালের লাশ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেটি/জেকে/২৩০২ ঘ.
bdnews24