গাজীপুর, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের ছয়টি মৌজার বাসিন্দারা গাজীপুর ক্যান্টনমেন্ট বোর্ডের নিয়ন্ত্রণ মুক্ত হতে বিক্ষোভ করেছে।
শুক্রবার বিকেলে গাজীপুর সদর উপজেলার শিমুলতলীতে তারা বিক্ষোভ ও সমাবেশ করে।
সমাবেশে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরই মধ্যে ওই এলাকাকে ক্যান্টনম্যান্ট বোর্ডের আওতামুক্ত করার নির্দেশ দিয়েছেন। ওই এলাকার ভোটারদের প্রস্তাবিত সিটি করপরেশনের অন্তর্ভুক্ত করার জন্যও গাজীপুর জেলা প্রসাশনকে নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এর পরও ওই ছয়টি মৌজার বাসিন্দাদের কোনো গতি হয়নি বলে সভায় অভিযোগ করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সংগ্রাম কমিটির আহবায়ক সফুর উদ্দিন খান। অন্যদের মধ্যে বক্তব্য দেন গাজীপুরের স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, টঙ্গী পৌর মেয়র অ্যাডভোকেট আজমত উল্লাহ।
শুক্রবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এলাকার কয়েকটি বাজারের দোকান পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে এলাকাবাসী সমাবেশে যোগ দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/এএল/২২০৮ ঘ.
bdnews24